নারী উদ্যোক্তাদের লাইসেন্স দেবে ডিএনসিসি
অনলাইনে ব্যবসা পরিচালনাকারী নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি।
শুক্রবার রাজধানীর নিউমার্কেটের একটি রেস্তোরাঁয় অনলাইনে ব্যবসা পরিচালনাকারী নারীদের সংগঠন ‘শাইন সিস্টার’ গ্রুপের বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডিএনসিসির প্যানেল মেয়র বলেন, উদ্যোক্তা নারীদের ব্যবসাকে সম্প্রসারণ করতে ও নারীদের সমাজে স্বাবলম্বী করে এগিয়ে নিতে সম্পূর্ণ বিনা জামানতে সিটি কর্পোরেশন এলাকায় হলিডে মার্কেট পরিচালনায় সর্বোচ্চ সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক তাসলিমা আক্তার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন নারী কর্মকর্তা-কর্মচারী, রন্ধনশিল্পী, গৃহিনী, বিউটিশিয়ান, শিক্ষক, সমাজসেবকসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
নারীরা তাদের ব্যবসা সম্পর্কিত অভিজ্ঞতা তুলে ধরেন ও ব্যবসা পরিচালনা করে নিজেদের স্বাবলম্বী করতে সরকারের সহায়তার আহ্বান জানান।
শাইন সিস্টার সংগঠনের পক্ষ থেকে নারীদের যে কোনো বিপদে সহায়তা করতে অনলাইনে পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও ব্যবসা পরিচালনা করার পদ্ধতি, ঋণ পাওয়ার পদ্ধতি, নতুন পণ্য বিক্রি সম্পর্কে জানা, বিউটি পার্লার খোলা, নিজস্ব পণ্য তৈরি করা থেকে শুরু করে সব ধরনের ব্যবসার পরামর্শ ও ব্যবসা সম্পর্কিত নানা সতর্কতামূলক পরামর্শও দেওয়া হয়।
