২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় খুকুমনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

শরীয়তপুরের জাজিরায় গৃহবধূ আছিয়া ওরফে খুকুমনিকে হত্যার অভিযোগে তার স্বামীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 06:25 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাজিরা সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে মানববন্ধনে আছিয়ার বাবা হারুন অর রশিদ জমাদার ও মা রাশিদা বেগম মেয়ের হত্যার বিচার চান।

তাদের অভিযোগ, যৌতুকের জন্য আছিয়াকে হত্যা করেছে তার স্বামী ইমান হোসেন বেপারী।

হারুন অর রশিদ বলেন, “গত ২৪ অক্টোবর জাজিরার পদ্মার বাবুর চর এলাকায় যৌতুকের টাকার জন্য আমার মেয়ে খুকুমনিকে তার স্বামী ইমান ও তার পরিবারের সদস্যরা শাবল দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

“এরপর অভিযোগ এড়াতে গলায় মশার কয়েল দিয়ে পুড়িয়ে কালো দাগ করে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করে।”

এ ঘটনায় পরের দিন ইমান বেপারী ও তার স্বজনসহ পাঁচজনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

হারুন অর রশিদ বলেন, তার মেয়ে হত্যার অন্যতম আসামি ইমান হোসেন বেপারী ঘটনার ১৬-১৭ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসে।

ইমান হোসেন তার স্ত্রী খুকুমনিকে ভরণ-পোষণ না দিয়ে নির্যাতন চালাত বলে অভিযোগ করেন হারুন।

মানববন্ধনে আছিয়ার সাড়ে তিন ও দেড় বছরের দুই কন্যা সন্তানও ছিল।