রওনক হত্যা: অভিযোগপত্রে আসামি ১৪ জন
প্রেম সংক্রান্ত বিরোধে পুরান ঢাকায় হোলি উৎসব থেকে ডেকে নিয়ে কলেজছাত্র রওনক হোসেন রনো হত্যামামলায় ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুনশী।
অভিযোগপত্রটি মহানগর হাকিম আহসান হাবীবের কাছে উপস্থাপন করা হয় বলে আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মো. সাফায়েত সাংবাদিকদের জানিয়েছেন।
অভিযোগপত্রের আসামিদের মধ্যে তিনজন বাদে অন্য সবাই অপ্রাপ্তবয়স্ক কিশোর। তিনজন হলেন- ইয়াছিন আহম্মেদ ইমন (১৭), রিয়াজ আলম ফারহান (১৯) ও আসিফ।
আসামিদের মধ্যে রনোর সাবেক প্রেমিকা লিজা আক্তার মাইশাও রয়েছেন।
গ্রেপ্তার কয়েকজন
গত ১ মার্চ নিহত রওনকের (১৮) এ বছর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঢাকার কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকার শহিদ মিয়ার ছেলে রওনক বন্ধুদের সঙ্গে দোল উৎসব দেখতে পুরান ঢাকায় গিয়ে আক্রান্ত হন।
হত্যাকাণ্ডের পর পুলিশ বলেছিল, মাইশার সঙ্গে সম্পর্ক ভেঙে তুহু আরেক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন রওনক। কিন্তু তুহুকে অন্য এক ছেলে পছন্দ করে। ওই ছেলের সঙ্গে রওনকের ঝগড়াও হয়েছিল। তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে, আর এতে প্ররোচনা দিয়েছিলেন মাইশা।
অভিযোগপত্রে প্রধান আসামি হিসেবে ইয়াছিন ইমনের নাম উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
নিহত রওনক হোসেন
তিনি বলেন, ইমন মাইশার মাধ্যমে রওনককে ডেকে আনে এবং হামলার জন্য অন্য বন্ধু-বান্ধব ও ছুরি জোগাড় করে।
“ঘটনার দিন সকাল ১০টার সময় লক্ষ্মীবাজারে কেএফসির সামনে একত্রিত হয়ে হত্যার পরিকল্পনা করা হয়। তারপর তারা শাখারী বাজার শনি মন্দিরের সামনে আসে। মাইশার মাধ্যমে তারা নিশ্চিত হয় যে রওনক সেখানে আসছে।
“মন্দিরের সামনে ইমনের সাথে রওনকের দেখা হলে ইমন তার সাথে কোলাকুলি করে। এরপর ফারহান এক পাশে ডেকে নিয়ে যায় রওনককে। তখন অন্যরা একে এক চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারা শুরু করে। এর মধ্যে ফারহানসহ কয়েকজন ছুরি দিয়ে আঘাত করে।”
গুরুতর আহত রওনককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
