২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরে ১ কোটি মামলা নিষ্পত্তি

গত ১০ বছরে দেশের নিম্ন আদালতে এককোটির বেশি মামলা নিষ্পত্তি হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 05:18 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের দুই মেয়াদে (২০০৯-২০১৮) জেলা ও দায়া জজ আদালত এবং সমপর্যায়ের ট্রাইব্যুনালগুলোতে মোট এককোটি একলাখ ৩৭ হাজার ৭৬১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগ আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা বাস্তবায়িত হলে সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা সহনীয় পর্যায় নেমে আসবে এবং মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে।”

হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে আনিসুল জানান, দেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৪ লাখ ৫৩ হাজার ৩৫৩টি। এর মধ্যে দেওয়ানি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫৪টি, ফৌজদারি ১৯ লাখ ৬৭ হাজার ১৬৫টি এবং অন্যান্য ৮৮ হাজার ৮৩৪টি।

সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশে চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৭০টি আদালত রয়েছে। এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আট লাখ ৮০ হাজার ৭৯৪টি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।