২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনি দুর্বলতায় অনলাইনে শিশু যৌন হয়রানির বিচার নেই’

সুনির্দিষ্ট আইন না থাকায় ইন্টারনেটের মাধ্যমে শিশুরা যৌন হয়রানির ঘটনার যথাযথ বিচার হচ্ছে না বলে মত এসেছে এক আলোচনা সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 03:45 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘অনলাইনে শিশু যৌন হয়রানি প্রতিরোধ: আইনি পর্যালোচনা’ শীর্ষক ওই আলোচনা সভায় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ আইন করার দাবি তুলেছেন বক্তারা।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে সংস্থাটির নির্বাহী পরিচালক শীপা হাফিজার সঞ্চালনায় সভায় অনলাইনে শিশু নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।

আসকের শিশু অধিকার ইউনিটের সমন্বয়কারী অম্বিকা রায় জানান, ২০১১ সাল থেকে ২০১৮ সালের অগাস্ট পর্যন্ত ৬৮ জন শিশু অনলাইনে নির্যাতনের শিকার হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়।

সাইবার অপরাধের শিকার ১৩৩ জন নারী ও পুরুষের ওপর পরিচালিত এক গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দোষীদের বিচারের আওতায় আনা হলে অনলাইনে যৌন হয়রানির সংখ্যা অনেকটা কমে যাবে বলে নির্যাতনের শিকার ৪৪ শতাংশ মনে করেন।

“৫৪ শতাংশ ভিকটিম যৌন হয়রানি বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন।

শিশু যৌন হয়রানির বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্য ও প্রযুক্তি আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের পর্যালোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক সাইমুম রেজা তালুকদার।

তিনি বলেন, “অনলাইনে শিশুদের অপরাধ বা অপরাধের শিকার শিশুদের বিচার নিয়ে বাংলাদেশে কোনো আইনে স্পষ্ট করে কিছু বলা নেই।”

সাইমুম বলেন, সাইবার ট্রাইব্যুনালে দেখা যায় কোনো মামলায় শিশু সংশ্লিষ্টতা থাকলে ট্রাইব্যুনাল স্ব উদ্যোগে এসব মামলা শিশু আদালতে পাঠিয়ে দিয়ে থাকে। কিন্তু এসব বিষয়ে সদ্যপ্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন বা অন্য আইনে কোনো উল্লেখ নেই।

সাইবার অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম বলেন, “এ কোর্টে সাজার হার ৮ থেকে ৯ শতাংশ। কারণ, অনলাইনে অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধী সেগুলো তদন্তের আগে মুছে ফেলে, যার কারণে তদন্তে প্রমাণ পাওয়া যায় না।

“প্রত্যেকে নিজের অনলাইন ডিভাইসকে নিরাপদে রাখতে হবে। সব ধরণের ডিভাইসের নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। একই সাথে ১৮ বছরের কম কাউকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া থেকে বিরত রাখতে হবে। সবাইকে সাইবার বিষয়ে সচেতন করা দরকার।”

সভায় ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (সাইবার সিকউরিটি অ্যান্ড ক্রাইম) মিশুক চাকমা বলেন, “ঢাকা শহরের ৬৫ শতাংশ সাইবার ক্রাইম আমাদের পক্ষে টাচই করা সম্ভব হয় না, এর প্রধান শিকার হচ্ছেন মেয়েরা।

“শহরের চেয়ে গ্রামে সাইবার অপরাধের শিকার বেশি। ইন্টারনেটের সহজলভ্যতাও এসব অপরাধ বাড়ার অন্যতম কারণ।”