চাকরিতে ঢোকার বয়স ৩৫ বছর না হলে শাহবাগ না ছাড়ার ঘোষণা
সরকারি চাকরিতে ঢোকার বসয়সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি না মানা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার রাত ১০টার দিকে প্রায় ৪০ জন বিক্ষোভকারীকে রাজধানীর ব্যস্ত এই মোড়ে অবস্থান নিয়ে বসে থাকতে দেখা যায়।
এ সময় শাহবাগ মোড় ঘিরে চারপাশে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ থাকলেও চারদিক থেকে আসা গাড়িগুলো বিকল্প রাস্তায় চলাচল করছিল।
আন্দোলনের আহ্বায়ক পরিচয় দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শাহবাগেই থাকব। কালকে সংসদ অধিবেশন আছে। আমরা সেখান থেকে একটা ঘোষণা চাই অথবা আমরা গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো জানাতে চাই।
“ছয় বছর ধরে আমরা চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার জন্য আন্দোলন করছি। আমরা মাস দুয়েক আগে রাষ্ট্রপতির সাথেও দেখা করেছি। তিনি আমাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন।”
এর আগে দুপুরে আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ হয়ে ফার্মগেইট, মৎস্যভবন, সায়েন্স ল্যাবরেটরি ও টিএসসিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশে সরকারি চাকরি শুরুর করার বয়স-সীমা বাড়ানোর দাবিতে গত ছয় বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের এই সংগঠন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত জুনে এক সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করে।
এরপর সরকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত অগাস্টে ইঙ্গিত দেন, বর্তমান সরকারের মেয়াদে বয়স সীমা বাড়ছে না।
