শান্তিনগরে ট্রপিকাল রাজিয়া টাওয়ারে অগ্নিকাণ্ড
রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ারের পাশে ট্রপিকাল রাজিয়া টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শনিবার বিকেল ৫টার আগে আগে বহুতল ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি।
আতাউর বলেন, ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
