২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে সাবেক ইউএনওর ৮ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খাগড়াছড়ির পানছড়ির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2018, 05:27 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

পাশাপাশি তার দখলে থাকা ৩৮ লাখ ৬৮ হাজার ৪৮৮ টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালদতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামুনুর রশীদ আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতদিন তিনি মামলার বিচারের মুখোমুখি হয়েছিলেন।  আজ রায়ের দিন আর তিনি আদালতে হাজির হননি।”

রায়ের বিবরণ থেকে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইনের দুটি ধারায় মামুনুর রশীদকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৪ সালের দুর্নীতি দমন আইনের ২৬(২) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

‘দুই ধারায় শাস্তি পৃথকভাবে’ চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

২০০৮ সালের ৩ মার্চ দুদকের নির্দেশে মামুনুর রশিদ নিজের নামে ও পরিবারের নামে ৪১ লাখ ৫৭ হাজার ৬১৩ টাকার সম্পত্তির হিসাব দেখান।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, সম্পদ বিবরণীতে তিনি ১১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৬৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ঘটনায় ২০০৯ সালের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন শফিকুর রহমান।