২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদুল কেন জামিন পাবে না, রুল হাই কোর্টের

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 05:37 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

জামিন চেয়ে শহীদুল আলমের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

শহিদুলকে কেন জামিন দেওয়া হবে না- তা এক সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছে আদালত।

আদালতে শহিদুলের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন; রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এছাড়া রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ এবং শহিদুলের অপর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া উপস্থিত ছিলেন শুনানিতে।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “শহিদুল আলমকে আদালত অন্তবর্তীকালীন জামিন দেননি। এক সপ্তাহের জন্য রুল দিয়েছেন।”

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ অগাস্ট রাতে দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

এই আলোকচিত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘উসকানিমূলক ও মিথ্যা’ অপপ্রচা চালিয়েছেন অভিযোগ করে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয় তার বিরুদ্ধে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ মামলায় গত ৬ অগাস্ট শহিদুলের জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। ১১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়ে যায়। এই পরিস্থিতিতে ১৬ সেপ্টেম্বর হাই কোর্টে আবেদন করেন শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ।

রোববার  হাই কোর্টে শুনানির পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “উনি ফেইসবুকে যে লাইভ করেছেন; যেটা আল জাজিরাতে প্রচার হয়েছে, এটা কি বলা যাবে যে, উনার হয়ে অন্য কেউ করেছে? এগুলো তো উনার লিখিত বিবৃতি না, উনি মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন এবং সম্প্রচার হয়েছে। এতে রাষ্ট্রের, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

শহিদুল যেসব বক্তব্য লাইভ ভিডিওতে বলেছেন, তা ‘অবশ্যই’ আইসিটি আইনের ৫৭ ধারার আওতায় পড়ে মন্তব্য করে মাহবুবে আলম বলেন, “এই যুক্তি দেখিয়ে আমরা তার জামিনের বিরোধিতা করেছি।”

অন্যদিকে সারা হোসেন বলেন, “মূল কথা হল, শহিদুল আলমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে- তা সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো ভিত্তি বা প্রমাণ পুলিশ এখন পর্যন্ত দেখাতে পারেনি।”

শহিদুল যা বলেছেন, তা ৫৭ ধারার ‘আওতায় পড়ে না’ দাবি করে এই আইনজীবী বলেন, “৫৭ ধারা ইতোমধ্যে কবরের দিকে চলে গেছে। ৫৭ ধারা যে একটি কালো আইন, সেটা তথ্যমন্ত্রী, আইনমন্ত্রীসহ অন্যন্য মন্ত্রী ইতোমধ্যে স্বীকার করেছেন।  এই আইনটিকে কবর দেওয়ার জন্য এরই মধ্যে আরেকটি আইন সংসদ থেকে পাস হয়ে এসেছে। তারপরও ৫৭ ধারা দিয়েই টানাটানি করা হচ্ছে।”

পুরনো খবর:

শহিদুলের ডিভিশনের আদেশ আপিলে বহাল