আগের ডিসিই থাকছেন চাঁদপুর-কুড়িগ্রামে
চাঁদপুর ও কুড়িগ্রামে আগের জেলা প্রশাসকদের (ডিসি) দায়িত্বেই পুর্নবহাল করেছে সরকার; ১০ দিন আগে যাদেরকে বদলি করা হয়েছিল।
গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর, কুড়িগ্রামসহ একযোগে ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। ওই দিন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে জীবন বীমা করপোরেশনের জিএম এবং কুড়িগ্রামের ডিসি মোছা. সুলতানা পারভিনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব করা হয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার নতুন করে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে জয়পুরহাট এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব এম কামরুজ্জামান সেলিমকে ঠাকুরগাঁওয়ের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জয়পুরহাট এবং ঠাকুরগাঁওয়ে আগের ডিসিদের বহাল রাখায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন এখন আর ডিসির দায়িত্ব পাচ্ছেন না।
এর আগে ২৩ সেপ্টেম্বরও ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
