গ্রেনেড মামলার রায় যাই হোক, অবশ্যই কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ২১ অগাস্ট গ্রেনেড মামলার রায় যাই হোক না কেন, তা ‘অবশ্যই’ কার্যকর করা হবে।
বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর এমন মন্তব্য আসে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী ১০ অক্টোবর গ্রেনেড মামলার রায় দেওয়ার কথা রয়েছে। ওই মামলার রায় যাই হোক, তা অবশ্যই কার্যকর করা হবে। এ নিয়ে কোনো সংশয় নেই।”
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন; আহত হন কয়েকশ নেতাকর্মী।
সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।
ওই ঘটনায় দায়ের করা দুই মামলার বিচার শেষে রায় ঘোষণার জন্য ১০ অক্টোবর দিন রেখেছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ মোট ৪৯ জন এ মামলার আসামি।
দণ্ডবিধি এবং বিস্ফোরক উপাদানাবলী আইনের এ দুই মামলায় দোষী সাব্যস্ত হলে আসামিদের সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এসব হত্যাকাণ্ডের উদ্দেশ্য এক সূত্রে গাঁথা। প্রথমটি সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা এবং পরেরটি তার পরিবারের জীবিত সদস্যদের হত্যার চেষ্টা।”
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। আবার ২০০৪ সালের ওই একই মাসের ২১ তারিখ আরেকটি হত্যাযজ্ঞ চালানো হয়।
“২১ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হন, কিন্তু ২২ জনকে হারিয়েছি আমরা। তাই এ মামলার রায় অবশ্যই কার্যকর করা হবে।”
এদেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থন করে না মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমরা কঠোরভাবে জঙ্গিবাদ দমন করেছি। রায় নিয়েও কোনও সমস্যা হবে না।”
