কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিনের জন্য ফের হাই কোর্টে খালেদা
কুমিল্লায় পেট্রোল বোমা মেরে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন পেতে আবার হাই কোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দায়ের করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার বিচারিক আদালত বিএনপির চেয়ারপারসনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এরপর আদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) চেয়ে করা হয়। কিন্তু প্রায় ২০ দিনেও আমরা আদেশের সার্টিফায়েড কপি পাইনি। অথচ আদেশের একদিন পরেই যা পেয়ে যাওয়ার কথা।
“বিষয়টি আমরা হাই কোর্টকে অবহিত করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ থেকে অনুমতি নিয়ে সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেছি।”
চলতি সপ্তাহে হাই কোর্টের এ বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে বলে জানান কায়সার কামাল।
তিনি আরও বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে আটকে রাখতেই এবং তার কারাবাস দীর্ঘায়িত করতেই বিচারিক আদালত আদেশের সত্যায়িত অনুলিপি দিতে কালক্ষেপণ করছে। বিচার বিভাগ স্বাধীন হলে এমন হতো না।”
বিএনপির টানা অবরোধ-হরতালের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা ও বিস্ফোরক মামলা করে পুলিশ।
পরে পুলিশের আবেদনে বিস্ফোরক আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রূপান্তর করা হয়।
এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিম উদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ওই মামলায় তিনি জামিন পেলেও আরও কয়েকটি মামলার কারণে তার মুক্তি হচ্ছে না।
এ কারণে বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জামিনের আবেদন করা হয়েছিল কুমিল্লার বিশেষ আদালতে।
গত ১ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম শামছুল আলম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখালেও জামিনের বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি ৮ অগাস্ট শুনানির জন্য রেখে দেন।
এরপর গত ১১ জুলাই হাই কোর্টে ফৌজদারি আপিলের পাশাপাশি হাই কোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন করেন তার আইনজীবীরা। হাই কোর্ট কুমিল্লার আদালতের জামিন আবেদনটি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়।
গত ২৫ জুলাই কুমিল্লার আদালত খালেদার জামিন আবেদন নামঞ্জুর করলে ২৯ জুলাই ফের হাই কোর্টে তার জামিন আবেদন করা হয়।
সেই আবেদনের শুনানি নিয়েই ৬ অগাস্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।
রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
১২ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনে নো অর্ডার দিলেও জামিন প্রশ্নে হাই কোর্টের দেওয়া রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলে।
পরে হাই কোর্ট রুল নিষ্পত্তি করে বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনটি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়।
খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারিক হাকিম মোহাম্মদ গোলাম মাহাবুব খান গত ১৩ সেপ্টেম্বর জামিন নাকচ করলে মঙ্গলবার হাই কোর্টে জামিন আবেদন করা হয়।
