২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশেদ চৌধুরীকে ফেরানোর প্রশ্নে ট্রাম্প প্রশাসন ‘ইতিবাচক’

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 08:28 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

তিনি বলেছেন, গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে জড়ো হওয়া বিশ্বনেতাদের সম্মানে প্রেসডিন্টে ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে এ বিষয়ে কথা হয়।

নিউ ইয়র্ক থেকে সোমবার সকালে দেশে ফিরে গণভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা এ বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন।

তিনি বলেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও গত ২৪ সেপ্টেম্বর ওই সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন।

ট্রাম্পের সঙ্গে আলাপচারিতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর কিলারদের কথা বললাম। বললাম রাশেদ চৌধুরী ওখানেই আছে।

“রাশেদ চৌধুরীর কথা বলার সাথে সাথে উনার একটা অফিসার দিয়ে দিলেন; তাকে সব ডিটেইল জানাতে। দেখলাম খুব পজেটিভলি নিলেন যে, কিলারকে ফেরত পাঠানো উচিত। আমরা একটা চিঠিও দিয়ে এসেছি এ ব্যাপারে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল সদস্য। দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

অনেক বাধা পেরিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে ১২ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তাদের মধ্যে পাঁচ জনের ফাঁসি ২০১০ সালে কার্যকর হয়। বাকিদের একজন মারা গেছেন এবং ছয়জন পলাতক।

বিদেশে পালিয়ে থাকা এই ছয় খুনি হলেন- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেমউদ্দিন। তাদের বিরুদ্ধে ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়।

এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছে বলে নিশ্চিত হয়েছে ইন্টারপোলেরবাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।