২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগরের হাজতখানায় ধর্ষণের আসামির ‘আত্মহত্যা’

রাজধানীর রূপনগর থানার হাজতখানায় ধর্ষণ মামলার এক আসামি আত্মহত্যা করেছেন বলছে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

মো. কাউসার নামের ২৪ বছর বয়সী ওই তরুণের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। ঢাকায় তিনি থাকতেন রূপনগরের দোয়ারিপাড়ার এক বাসায়।

এক সময় কাপড়ে কারচুপির কাজ করলেও পরে কাউসার নেশাগ্রস্ত হয়ে পড়েন বলে পুলিশের ভাষ্য।

রূপনগর থানার ওসি শেখ মো. শাহ আলম জানান, প্রতিবেশী এক গার্মেন্টকর্মীকে ‘নেশা খাইয়ে’ ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা কাউসারকে পুলিশে দেয়। পরে ওই নারী কাউসারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

পোশাককর্মী ওই নারীকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, “রাতে কাউসারকে থানা হাজতে রাখা হয়। ভোরে সেলের দরজার সঙ্গে থাকা রডের বাড়তি অংশে গায়ের শার্ট পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।”

দায়িত্বরত পুলিশ কাউসারকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, “থানা হাজতে আত্মহত্যা করার মত কোনো অ্যাঙ্গেল নেই। দরজার উপরে সামান্য একটু বাড়তি রড ছিল, তাতেই সে ফাঁস লাগায়।”