২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজা ও তাজুলের জন্য সংসদে শোক প্রস্তাব

আওয়ামী লীগ সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা এবং বিরোধীদলীয় প্রধান হুইপ জাতয় পার্টির সংসদ সদস্য তাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে এর ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মূলতবি করেন স্পিকার। বিদ্যমান সংসদের কোনো সদস্য মারা গেলে পরবর্তী অধিবেশনের প্রথম দিন সংসদের বৈঠক মুলতবি করার রেওয়াজ রয়েছে। 

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বেশ কয়েকজন সদস্য শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে দুই সংসদ সদস্যসহ গত অধিবেশন থেকে এ পর্যন্ত দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সদস্য বজলুল হক হারুন।

শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আমরা দুইজন দক্ষ সংসদ সদস্য হারিয়েছি। এই নিয়ে চলতি দশম সংসদের ১৫ জন সদস্য মারা গেছেন। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।”

মোস্তফা রশিদী সুজাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “সুজা অত্যন্ত প্রাণবন্ত ও সুদক্ষ নেতা ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মীদের ওপর অত্যাচার করে, সেই অত্যাচারের শিকার হয়েছিল সুজা। তার পায়ে ড্রিল দিয়ে ফুটো করে দেওয়া হয়েছিল।

“আমাদের অনেক সংসদ সদস্য রয়েছেন, যারা বিএনপির সময় নির্যাতিত। অপারেশন ক্লিনহার্টের সময় সুজার ওপর অত্যাচার চালানো হয়। ওই নির্যাতনের পরই তার শরীর ভেঙ্গে যায় এবং দীর্ঘ রোগভোগের পর মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সাংগঠনিক যে ক্ষতি হয়ে গেল সেটা পুরণ হবার নয়।”

তাজুল ইসলামকে স্মরণ করে সংসদ নেতা বলেন, “২০১৪ সালের নির্বাচনের সময় তাজুল ইসলাম বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জ ছিল। নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয় তার জন্য তিনি খুবই আন্তরিক ছিলেন। বিরোধী দলের নেতার সাথে থেকে থেকে তিনি কাজ করেছিলেন। আমি সেটা দেখেছিলাম।”

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, “পৃথিবী থেকে আস্তে আস্তে ভালো লোকগুলো চলে যাচ্ছেন। আমরা সকলেই একে একে চলে যাব, তবে আমাদের মানুষের কাজগুলো ফুটে ওঠে। আমরা যারা আছি প্রতিমুহুর্ত যেন জনগণের জন্য কাজ করতে পারি। সংসদ সদস্য আমাদের যে দায়িত্ব রয়েছে তা যেন সঠিক পালন করতে পারি। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।”

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, আবদুস সালাম মুর্শেদী, ফখরুল ইমাম, মীর শওকত আলী বাদশা, নুরুল ইসলাম ওমর, মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।