খালেদাকে বেআইনিভাবে সাজা দিতে ক্যামেরা ট্রায়াল: আইনজীবী সমিতি
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিতেই কারাগারের ভেতরে আদালত বাসিয়ে ‘ক্যামেরা ট্রায়াল’ করা হয়েছে বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার সকালে শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ অভিযোগ করেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারের ভেতরে ‘ক্যামেরা ট্রায়ালের’ মাধ্যমে বেআইনিভাবে সাজা দেওয়ার লক্ষ্যে বেআইনিভাবে একটি অস্থায়ী আদালত গঠন করা হয়েছে, যাতে সাধারণ জনগণ বিচারের নামে সরকারের বেআইনি কার্যক্রম দেখতে বা বুঝতে না পারে।
গত ফেব্রুয়ারিতে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজার রায়ের পর থেকে নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দি হিসেবে রয়েছেন ৭৩ বছর বয়সী খালেদা।
তার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি এতদিন চলছিল কারাগারের কয়েকশ গজের মধ্যে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে বিশেষ এজলাসে।
কিন্তু এতিমখানা দুর্নীতি মামলার রায়ের পর খালেদা জিয়াকে এক দিনও দাতব্য ট্রাস্ট মামলার শুনানিতে হাজির করা হয়নি। প্রায় প্রতি তারিখেই আদালতকে তার অসুস্থতার কথা জানানো হয়েছে কারাগারের পক্ষ থেকে। ফলে বিচারের শেষ পর্যায়ে এসে মামলাটি আটকে রয়েছে সাত মাস ধরে।
এই অবস্থায় কারাগারের ভেতরেই এজলাস বসিয়ে বিচার এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার বিকালে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
অস্থায়ী ওই আদালতেই বুধবার মামলার শুনানি নেয় ঢাকার জজ আদালত। খালেদা জিয়াকে হাজির করা হলেও অনুপস্থিত ছিলেন তার আইনজীবীরা।
‘জণাকীর্ণতার কারণে নিরাপত্তাহীনতা’র অজুহাত দেখিয়ে বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত সরানোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল।
তিনি বলেন, “এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার বিচার কার্যক্রম পরিচালনা শেষে সেখান থেকে রায় দেওয়া হয়েছে। তখন সরকার নিরাপত্তার অযুহাত দেখায়নি।”
বকশীবাজারের অস্থায়ী আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো, বড়পুকুরিয়া ইত্যাদি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলছে। জাতীয় পার্টির হুসেইন মোহাম্মদ এরশাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গের দুর্নীতির বিচারকার্য ওই আদালতেই চলছে।
জয়নুল দাবি করেন, সংবিধান লঙ্ঘন করে সরকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত গঠন করেছে।
“সংবিধানের ৩৫(৩) অনুচ্ছেদ ও ফৌজদারী কার্যবিধি ৩৫২ ধারায় আদালত বলতে উন্মুক্ত আদালতের কথা বলা হয়েছে; যেখানে যে কোনো মানুষের সাধারণভাবে প্রবেশাধিকার থাকে।
“পুরাতন কেন্দ্রীয় কারাগারের যে কক্ষটিকে আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে, ... সেখানে পাবলিক তো দুরের কথা, বেগম জিয়া ও অন্যান্য আসামিদের নিয়োজিত আইনজীবীরা, আসামিদের আত্মীয় স্বজন কিংবা দলীয় নেতা-নেত্রীদের প্রবেশ এবং আদালতের কার্যক্রম দেখা বা শোনার কোনো কোন সুযোগ নেই।”
আদালতকক্ষের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, “আদালত কক্ষটি একটি গুহার মত এবং স্যাঁতস্যাঁতে। সেখানে স্বাভাবিক শ্বাস-নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা নেই।
“ফলে কারা অভ্যন্তরে গঠিত আদালতটি মোটেই উন্মুক্ত আদালত না হওয়ায় এবং সেখানে পাবলিক ট্রায়াল হওয়ার কোনো সুযোগ না থাকায় এইরূপ বেআইনি আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলার আইনগত কোনো সুযোগ নেই।”
এর মধ্যেই খালেদা জিয়ার আইনজীবী জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারের ভেতরে আদালত বসানোর প্রজ্ঞাপন ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারে সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি গোলাম মোস্তফা ছাড়াও বিএনপিপন্থি আইনজীবী গোলাম রহমান ভুঁইয়া, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, আমিনুল ইসলাম, গাজি কামরুল ইসলাম, এ কে এম এহসানুর রহমান, আহসানুল্লাহ ও মেহেদী হাসান উপিস্থিত থাকলেও সমিতির আওয়ামীপন্থি আইনজীবী নেতাদের কেউই ছিলেন না।
এদিকে সংবাদ সম্মেলনের পরপরই বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কারা অভ্যন্তরে অস্থায়ী আদালত স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৯ সেপ্টেম্বর সারা দেশের আইনজীবী সমিতিতে মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর প্রতিকী অনশন।
