মতিঝিলে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী দুজন নিহত
ঢাকার মতিঝিলে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।
এদের একজন রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ এর চালক এবং অন্যজন যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
নিহত চালকের নাম রিপন শিকদার এবং যাত্রীর নাম জানে আলম গাজী। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সোয়া ১০টার দিকে মতিঝিল ২৪ তলা শিল্প ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
একটি কাভর্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে তারা মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।
মিশু বিশ্বাস বলেন, কাভর্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।
রিপন ও আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।
