শুরু হচ্ছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
বিশ্বের ৬৮টি দেশের চারুশিল্পীদের অংশগ্রহণে আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী।
এই আয়োজনের অষ্টাদশ আসরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় দেশি-বিদেশি ৪৬৫জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও ছিলেন।
মন্ত্রী বলেন, "আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, উন্নয়নশীল দেশের এই ধারণা আমাদের সর্বক্ষেত্রে বিস্তৃত করা উচিত। একে আমরা শুধু চিত্র প্রদর্শনী মনে করছি না, দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরের শিল্পীদের সাথে এটি একটি সাংস্কৃতিক মেলবন্ধন।"
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই চারুকলা প্রদর্শনী উদ্বোধন করবেন। এই আয়োজনে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক সেমিনার, পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র, প্রাচ্যকলা, প্রিন্ট মেকিং, ভিডিও আর্ট, মৃৎশিল্প, পারফর্মেন্স আর্ট, নিউ মিডিয়া ও স্থাপনা শিল্প।
লিয়াকত আলী বলেন, এশিয়ার বৃহত্তম এই চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছেন ১৯৯ জন বাংলাদেশি শিল্পী, তাদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১০৭ জন শিল্পী, প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ১৩ জন চিত্রকর, পারফর্মেন্স আর্টে থাকছেন ১৬ জন দেশীয় পারফর্মেন্স আর্টিস্ট এবং বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন ৬৩জন শিল্পী।
মোট ২৬৬ জন বিদেশি শিল্পী অংশ নিবেন আসরে। এর মধ্যে ২২৩ জন শিল্পী প্রতিযোগিতায় শিল্পকর্ম জমা দিয়েছেন, ২৯ জন বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন এবং ১৪ জন পারফর্মেন্স আর্টিস্ট তাদের শিল্পনৈপুণ্য প্রদর্শন করবেন।
আয়োজনে থাকবে দেশি-বিদেশি শিল্পীদের মোট ৩৬৮টি চিত্রকর্ম, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইনস্টলেশন আর্ট এবং ৩০ জন পারফর্মেন্স আর্টিস্টের শিল্পনৈপুণ্য প্রদর্শনী।
লিয়াকত আলী জানান, মাসব্যাপী এই আয়োজনে বাজেট করা হয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব নাসিরুদ্দিন আহমেদ ও শিল্পকলা একাডেমির চারুকলার পরিচালক আশরাফুল আলম পাপলু।
