শেয়ার কারসাজি: আইসিবির সাবেক ডিজিএমসহ গ্রেপ্তার ৩
শেয়ার কারসাজির মাধ্যমে তিন কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মণ্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।
প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারই রমনা থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গ্রেপ্তার তিন জনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন।
