২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে মেরিটাইম অ্যান্ড লজিসটিক ফোরামের সম্মেলন

প্রায় ২০ দেশের সরকার এবং সামুদ্রিক নৌ চলাচল ও বাণিজ্য খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে ৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিসটিকস ফোরামের দ্বিতীয় সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 01:41 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভারতের গেটওয়ে মিডিয়া প্রাইভেট লিমিটেড ও শ্রীলঙ্কার কলম্বো ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্স ইভেন্টসের সহযোগিতায় রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে দুই দিনের এই সম্মেলন হবে।

আন্তর্জাতিক এই সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার নৌ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় এক সভায় নৌ সচিব মো. আবদুস সামাদ বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে দেশের মেরিটাইম ও লজিস্টিকস খাতের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে এ খাতের অবস্থা ও ট্রেড সম্পর্কে হানতে পারবেন।

“এছাড়া এই খাতের কোন কোন বিষয়ে বাংলাদেশের বিকাশের সুযোগ রয়েছে তা উপলব্ধি করার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।”

আগামী ৯ অক্টোবর ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, ভুটানসহ এশিয়া ও ইউরোপের ২০টি দেশের নৌখাত সংশ্লিষ্ট বাণিজ্য ও শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন বলে সভায় জানানো হয়।

সচিব সামাদ বলেন, সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশের নৌপরিবহন খাতের উন্নয়ন এবং বিনিয়োগের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের বাধা ও এর সমাধান এবং ড্রেজিং, শিপ বিল্ডিংসহ নৌখাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিসটিকস ফোরামের প্রথম সম্মেলন হয়।