অর্থ আত্মসাৎ: ৩ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক
আড়াইশ ‘অস্থিত্বহীন’ ব্যক্তির নামে জাল চাকরির প্রত্যায়নপত্রের মাধ্যমে ঋণ বিতরণ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
মামলায় যাদেরকে আসামি করা হচ্ছে তারা হলেন- ব্যাংকের পটুয়াখালীর নতুনবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. গোলাম আজম, দ্বিতীয় কর্মকর্তা মীর জালালউদ্দীন ও সাবেক জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
প্রণব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন ব্যাংক কর্মকর্তা পরস্পর যোগসাজশে ভুয়া ব্যক্তিদের নামে জাল চাকরিজীবী প্রত্যায়নপত্র তৈরির মাধ্যমে ভুয়াভাবে ঋণ বিতরণ দেখিয়ে দুই কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করেন।”
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে ব্যাংক কর্মকর্তারা ওই টাকা আত্মসাৎ করেন।
জনতা ব্যাংকের বিভাগীয় তদন্তেও ওই চাকরিজীবী ঋণ, ব্যাংকের বিভিন্ন হিসাবে ঋণ বিতরণে গড়মিল এবং সিসি ঋণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের ঘটনা বেরিয়ে এসেছে জানিয়ে দুদক কর্মকর্তা প্রণব বলেন, “এ কারণে গোলাম আজমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।”
তিনি জানান, অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস শিগগিরই দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করবেন।
