২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী-শিশু নির্যাতনের ৯৭% মামলায় সাজা হয় না’

নারী-শিশু নির্যাতন আইনে দায়ের করা ৯৭ শতাংশ মামলায় সাজা হয় না বলে অভিযোগ এসেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের এক সমাবেশ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী নির্যাতন প্রতিরোধ (ইয়াসমিন হত্যা) দিবস উপলক্ষে এই সমাবেশ হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সারাদেশে নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান সমাবেশে তুলে ধরেন ফোরামের সভাপতি রওশন আরা রুশো।

তিনি জানান, এ সময়ে ৪২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে, পারিবারিক নির্যাতনের শিকার ২০৮ জন, নির্যাতনের পর হত্যা করা হয় ১৪৪ জনকে, নির্যাতনের শিকার হয়েছে ৮৫৬ জন শিশু এবং নির্যাতনের পর হত্যা করা হয়েছে ১৪৮ জন শিশুকে।

নারী-শিশু নির্যাতনের এক লাখ ৬৬ হাজার মামলা এখনও বিচারাধীন রয়েছে জানিয়ে রুশো বলেন, “মামলা যাও বা হয় তার মধ্যে ৯৭ শতাংশ মামলায় কোনো সাজা নাই।

“নারী-শিশু নির্যাতন এতো ভয়াবহ মাত্রায় আসার একটি অন্যতম কারণ বিচার না হওয়া। নির্যাতনের যত ঘটনা দেশে ঘটে তার অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না। অনেক ক্ষেত্রে ক্ষমতা ও টাকা দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়।” 

মামলা হলেও দীর্ঘসূত্রতা, আর্থিক অসামর্থ ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে অনেকে মামলা চালাতে পারেন না বলেও সমাবেশে বলেন তিনি।

সারা দেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যা বন্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতারা।

ফোরামের উদ্যোগে সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, ঢাকা নগর শাখার সদস্য রুখসানা আফরোজ আশা।

১৯৯৫ সালের ২৪ অগাস্ট ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পুলিশ কর্তৃক ধর্ষিত ও নিহত হয়েছিল দিনাজপুরের ইয়াসমিন। প্রতিবাদে ২৬ অগাস্ট রাতে দিনাজপুরের কোতোয়ালী থানা ঘেরাও করেছিল জনতা, পরদিন বের হয় বিক্ষোভ মিছিল। সেই মিছিলে পুলিশ গুলি চালালে সাতজন মারা যান।

১৯৯৭ সালে ইয়াসমীন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়, পরে তা কার্যকর করা হয় ২০০৪ সালে।

দিনাজপুরে গড়ে উঠা প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনের স্মরণে প্রতিবছর ২৪ অগাস্ট পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস।