২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির আমেজ সচিবালয়ে

কোরবানির ঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বেশ কম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 01:25 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

সোমবার দুপরের আগ থেকেই অনেকটাই কর্মচাঞ্চল্যহীন প্রশাসনের প্রাণকেন্দ্রে বিরাজ করছে ছুটির আমেজ।

কেউ কেউ অফিসে এসে হাজিরা দিয়েই বাড়ির পথ ধরেছেন; অফিস থেকেই বাড়ি যেতে বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছিলেন কেউ কেউ।

সচিবালয়ের বিভিন্ন ভবন ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রায় অর্ধেকে নেমে আসায় অনেক কক্ষই ফাঁকা পড়ে আছে। যেসব কর্মকর্তা-কর্মচারী এদিন অফিস করছেন, তাদের গল্প করেই সময় কাটাতে দেখা যায়।

সোমবারের মন্ত্রিসভা বৈঠকও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়ায় সচিবালয়ে কোনো সভা, সেমিনার বা অনুষ্ঠানও ছিল না।

গত শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অনেকে রোববার ও সোমবার ছুটি নিয়ে আগেই বাড়ি গেছেন। ঈদে এরা টানা নয় দিন ছুটি পাচ্ছেন।

সকাল ১১টার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের ব্যাগ নিয়ে সচিবালয় ছাড়তে দেখা যায়। বেলা পৌনে ১২টার দিকে ব্যাগ নিয়ে সচিবালয় থেকে বের হচ্ছিলেন অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোরবানির গরু কিনতে হবে, তাই একটু আগেই বের হচ্ছি।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ঈদের আগে শেষ কর্মদিবসে সাধারণ ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকেন।

“কেউ কেউ আগেই ছুটি নিয়ে বাড়ি গিয়েছেন। কেউ অফিসে হাজিরার পর জরুরি কাজগুলো শেষ করে বসকে বলে চলে গেছেন। যাদের বাড়ি দূরে তারা তো কিছুটা সুবিধা পেতেই পারেন।”

সোমবার মন্ত্রিসভা বৈঠকের দিন নির্ধারিত থাকায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। ফলে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষটিও ছিল ফাঁকা।

লিফটে ওঠার জন্য অন্য দিনের মত সোমবার কাউকেই লাইনে দাঁড়াতে হচ্ছে না। অনেক লিফটম্যানকে লিফট ‘অটো মুডে’ রেখে দিয়ে ঈদ বখশিস সংগ্রহ করতে দেখা যায়।

আগামী বুধবার কোরবানির ঈদ হবে। ঈদে ২১, ২২ ও ২৩ অগাস্ট সরকারি ছুটি। ২৪-২৫ অগাস্ট শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২৬ অগাস্ট রোরবার থেকে অফিস শুরু হবে।