২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনে পার্কিংয়ের জায়গা: নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

যেসব বহুতল ভবন ও শপিং মল নকশা অনুমোদনের সময় যানবাহন পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা দেখিয়ে পরে সীমিত করেছে, সেসব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজউককে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 09:44 AM

Updated : 19 Aug 2022, 02:30 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের ফেইসবুক পেইজে রোববার গভীর রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়ে ‘উচ্চ পর্যায়ের’ এক বৈঠক থেকে ওই নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, “অনুমোদিত পরিকল্পনা লঙ্ঘন করে নির্মিত ভবন এবং অনুমোদনের প্রাক্কালে পর্যাপ্ত পার্কিং দেখিয়ে পরবর্তীকালে পার্কিং জোন সীমিত করেছে এমন বহুতল ভবন ও শপিং মলের ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য রাজউককে নির্দেশনা প্রদান করা হয়েছে।”

সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের কর্মপরিকল্পনা জমা দিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কর্মপরিকল্পনার ভিত্তিতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

“ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পরিকল্পনায় কঠোরভাবে আইনের প্রয়োগ করা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বিআরটিএ তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছে।”

Image
প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়

এদিকে স্কাউট এবং গার্লস গাইড অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করে দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করতে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরেকটি বৈঠক হয়।

স্কাউট ও গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্যদের মাধ্যমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক সাইন, সড়ক দুর্ঘটনার কারণ এবং পথচারী, গাড়ি ও মোটরবাইক চালক, যাত্রী, যানবাহন মালিকের দায়িত্ব ও করণীয় সম্পর্কিত লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লিফলেটটির নির্দেশনা মেনে চলার সম্মতিসূচক স্বাক্ষর অভিভাবকদের কাছ থেকে গ্রহণ করে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে জমা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে।”

এছাড়া জুমার নামাজের আগে ওই লিফলেট পড়ে শোনানো, শিক্ষক বাতায়নে লিফলেটের তথ্য প্রকাশ, স্কুলের প্রাত্যাহিক সমাবেশে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া এবং ‘মা’ সমাবেশে ট্রাফিক আইন বিষয়ে আলোচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা মহানগর পুলিশ এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

আট বিভাগের বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং স্কাউট ও গার্লস গাইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত ছিলেন।