সড়কের খবর ফেইসবুকে জানাবে র্যাব
ঈদ যাত্রায় মহাসড়কের কোথায় কী অবস্থা, তা ফেইসবুকের মাধ্যমে সবাইকে জানানোর উদ্যোগ নিয়েছে র্যাব।
মহাসড়কের পাশাপাশি রেল স্টেশন ও লঞ্চঘাটের অবস্থাও বাহিনীর বিভিন্ন ফেইসবুক পাতায় জানানো হবে।
কোরবানির ঈদের ছুটিতে নিরাপত্তা নিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে সোশাল মিডিয়া ব্যবহার করে জনগণকে তথ্য দেওয়ার কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, “প্রতি চার ঘণ্টা পর পর র্যাবের বিভিন্ন ফেইসবুক পেইজে সড়কের অবস্থান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। এতে সাধারণ মানুষ তার চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।”
মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কগুলোতে র্যাবের বিশেষ তদারকি থাকবে বলেও জানান বেনজীর।
“মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে র্যাবের অবস্থান এবং টহল থাকবে। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট দূরসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করা হবে।”
গত ঈদে দুর্ঘটনার জন্য নিয়ন্ত্রণহীন গাড়িচালনাকে দায়ী করে তিনি বলেন, “ঈদের পর তিন দিন হাইওয়েগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হবে, যেন কোনোভাবেই হাইস্পিডে গাড়ি কেউ চালাতে না পারে।”
ঢাকা থেকে বের হওয়া মহাসড়কগুলোর বিভিন্ন স্থানে ২০টি অস্থায়ী ক্যাম্প স্থাপনের কথাও জানান তিনি।
ঈদ ও ছুটির এই সময়টিতে দুই সপ্তাহের জন্য সারাদেশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানান বেনজীর।
কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি মাদক ব্যবসায়ীদের তালিকা প্রসঙ্গে বলেন, যেসব তালিকা বর্তমানে তাদের কাছে আছে, তার বাইরেও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। আর তালিকা নিয়মিত হাল নাগাদ করা হয়ে থাকে।
“আমরা এসব নিয়ে গভীরভাবে কাজ করছি, মাদকের ব্যাপারে কারও ছাড় নেই। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।”
কথিত বন্দুকযুদ্ধে নিহত কক্সবাজারের পৌর কাউন্সিলর একরামুল হকের বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন, “নির্বাহী তদন্ত প্রক্রিয়াধীন আছে, সেহেতু এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না।”
ঈদকে সামনে রেখে জঙ্গি তৎপরতার উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে বলে জানান তিনি।
নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে ফেইসবুকে ‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তার কফিশপ মালিক ফারিয়া মাহজবিনকে তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে দাবি করেন বেনজীর।
তিনি বলেন, “এই মহিলা তার বক্তব্য রেকর্ড করে কৌশল খাটিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছেন, যার যথেষ্ট প্রমাণ আছে।”
