স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা, রিমান্ডে বাসচালক ও সহকারী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দেওয়ার মামলায় নিউ ভিশন পরিবহনের বাসচালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শনিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত রিমান্ডের আদেশ দেয়।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নিউ ভিশন পরিবহনের বাসচালক মানিক মিয়া ও সহকারী ইব্রাহীম খলিল ইমন।
আদালত পুলশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকতা এসআই ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
নিউভিশন পরিবহনের একটি বাস, ফাইল ছবি
শুক্রবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউ ভিশন পরিবহনের একটি বাস তাকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি।
শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানিয়েছিলেন, বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
ঘটনার সময়ই বাসটি জব্দ এবং চালক ও তার সহকারীকে আটক করা হয়।
