২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের ধাক্কা ভুলে পুরনো রূপে রাজপথ

সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন সড়কের অনেক অনিয়ম ধরিয়ে দিলেও পরের সপ্তাহেই রাজধানীর রাজপথ আগের বিশৃঙ্খল চেহারা ফিরে পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2018, 09:57 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

গণপরিবহনের মধ্যে পাল্লা, রেষারেষি; যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার আর লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন গাড়ি চলছে হরহামেশা।

আন্দোলনের ধাক্কা সামলে নিরাপদ সড়কের প্রতিশ্রুতি পূরণে পুলিশের যে ‘বিশেষ ট্রাফিক সপ্তাহ’ শুরু হয়েছিল, তা শেষ হচ্ছে শনিবার।

এই ট্রাফিক সপ্তাহে ‍শুক্রবার পর্যন্ত ছয় দিনে সারা দেশে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এক লাখ ১৩ হাজার ৪২৩টি মামলা হয়েছে। জরিমানা বাবদে আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা।

এই কড়াকড়ির মধ্যে রাস্তায় বাস কম নামানোয় ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে; রাজধানীর বিভিন্ন মোড়ে যানবাহনের জন্য অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি চোখে পড়েছে। কিন্তু বদলায়নি সড়কের হ-য-ব-ল পরিস্থিতি।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হলে শুরু হয় বিক্ষোভ। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।

আন্দোলনের মধ্যে ওঠে নয় দফা দাবি। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা অবতীর্ণ হয় পুলিশের ভূমিকায়; শুরু করে চালকের লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা। সেখানে দেখা যায়, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও আইন প্রণেতারাও অনেক ক্ষেত্রে আইন মানছেন না।

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের মধ্যে ৫ থেকে ১১ অগাস্ট পর্যন্ত বিশেষ ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে পুলিশ।

ট্রাফিক সপ্তাহে আইনের কঠোর প্রয়োগে নগরীর বিভিন্ন মোড়ে গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে পুলিশ। সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমেও হাতে দেওয়া হয়েছে।

নগরবাসীকে সচেতন করা এবং ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য নগরীর বিভিন্ন মোড়ে রাখা হয়েছে বাংলাদেশ স্কাউটসের সদস্যদের। কিন্তু গত তিন দিনে ঢাকার রাস্তায় ঘুরে পুরনো অনিয়মগুলো ফিরে ফিরে আসতে দেখা গেছে। 

বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার মোড়ে রাস্তায় ওপর বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায় বহু মানুষকে। এই সুযোগে সড়কের মাঝখানেই চলন্ত গাড়িতে যাত্রী উঠা-নামা করছিলেন বাস কর্মীরা।

এর মধ্যে মিরপুর রুটের ট্রাস্ট ট্রান্সপোর্ট, ইউনাইটেড পরিবহনের বাসকে রেষারেষিতেও জড়াতে দেখা যায়।

চলন্ত যানবাহনের মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া থামাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছিল ট্রাফিক সপ্তাহে দায়িত্বরত স্কাউট সদস্যদের।

বৃহস্পতিবার বিকালে নটরডেম কলেজের পোশাকে একদল শিক্ষার্থীকেও সার্ক ফোয়ারার কাছ ঘেঁষে রাস্তা পার হতে দেখা যায়।

সেখানে চলন্ত গাড়ির মধ্য দিয়ে রাস্তা পার হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাতুল হোসেন বলেন, “জেব্রা ক্রসিং দিয়েই তো পার হইছি। আর কিইবা করার ছিল।”

কারওয়ানবাজার আন্ডারপাসের দিকে ইঙ্গিত করলে তিনি বলেন, “এতো দূরে আন্ডারপাস দিয়ে কী লাভ! আর পুরানো অভ্যাসে সবাই উপর দিয়েই যায়।”

সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলামও জানালেন অসহায়ত্বের কথা । বললেন, মানুষ নিয়ম ‘মানতে চায় না’।

রাস্তার মাঝখানে যাত্রী উঠা-নামার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রফিকুল বলেন, “স্টপেজ নাই, আর এত মানুষ... ড্রাইভাররাও উঠাতে চায়, মানুষও রানিংয়ে উঠে যায়।”

গণপরিবহন কম থাকায় গত কয়েক দিন ধরেই ভুগতে হচ্ছে চলতি পথের যাত্রীদের। কয়েকবার বাসের দিকে দৌড়ে গেলেও উঠতে পারেননি বলে জানালেন মিরপুরের কলেজ ছাত্র সাকিব আফজাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ট্রাফিক সপ্তাহ চলছে তাতে কি, রাস্তায় গাড়িইতো নামেনি। ট্রাফিক সপ্তাহের পর দেখবেন, ফিটনেস আর কাগজপত্রবিহীন গাড়ি ঠিকই চলবে।”

দুইশ গজের মধ্যে দুটি ফুটব্রিজ থাকলেও হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনালের সামনে যানবাহনের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় অনেককে। কিছু দূরে আল রাজী হাসপাতালের সামনে কাঁটাতারের বেড়া টপকেও রাস্তা পার হন কেউ কেউ।

বৃহস্পতিবার বিকালে ফার্মগেইটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সামনে চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র যাচাইয়ে ব্যস্ত ছিলেন চারজন পুলিশ সার্জেন্ট। আইন ভাঙলে মামলা দেওয়া কিংবা জরিমানা আদায়ের কাজ করছিলেন তারা।

সেখানে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েও কোনো বাস আটকাতে দেখা যায়নি। আটকানো গাড়ির মধ্যে বেশিরভাগই ছিল মোটরসাইকেল; কিছু কভার্ডভ্যান ও অটোরিকশাও ছিল।

মোটরসাইকেল আটকালে নিজেদের কাগজপত্র নিয়েও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে জানান সেখানে দায়িত্বরত সার্জেন্ট মহাসিন। তার ভাষায়, ছাত্র আন্দোলনের কারণেই এটা হয়েছে।

এক মোটরসাইকেল চালককে আটকের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাকে উল্টো জিজ্ঞেস করছে লাইসেন্স আছে কি-না। লাইসেন্স দেখালাম। তারপর কাগজপত্র আছে কি-না জানতে চাইল, তাও দেখালাম। এরপর হেলমেটও দেখিয়ে দিলাম। উনি চাইছেন উনার সঙ্গে যেন আমি ঝগড়া করি।”

বলাকা বাসে চড়ে যাওয়ার সময় কথা হয় মতিঝিলের ব্যবসায়ী মাহফুজুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, শাপলা চত্বরে কয়েক দিন ধরেই পুলিশের সঙ্গে স্কাউট সদস্যদের তিনি দেখেছেন সড়কের শৃঙ্খলা রক্ষার চেষ্টা করতে। কিন্তু গণপরিবহন নিজেদের নিয়মেই চলছে।

“প্রথম কয়েকদিন ভালো ছিল। এখন আবার আগের মত হয়ে গেছে। ফিটনেসবিহীন বাস না চলায় উল্টো মানুষের ভোগান্তি বেড়েছে। এই সুযোগে সিটিং সার্ভিসের বাসেও লোক দাঁড় করিয়ে নিচ্ছে, কিন্তু ভাড়া নিচ্ছে সিটিংয়ের।”

বলাকা পরিবহনের আরেক যাত্রী গিয়াস উদ্দিনের বিচারে, পরিস্থিতির একেবারেই উন্নতি হয়নি- তা বলা যাবে না।

“এখন বাসের ড্রাইভাররা মনে হয় পাল্টাপাল্টি কম করে। কিন্তু রাস্তায় গাড়ি কমে গেছে।”

মতিঝিল এলাকায় সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন ঢাকা মহানগর পুলিশের একটি দল। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান।

পথচারীদের কেউ সড়কের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসছিলেন স্কাউট সদস্যরা। এছাড়া সড়কে লেন মেনে চলতেও সহায়তা করছিলেন তারা।

এর মধ্যে সড়ক বিভাজকের লোহার বেষ্টনীর ওপর দিয়ে পার হতে গিয়ে ধরা পড়েন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে মোহাম্মদ নবীন।

ম্যাজিস্ট্রেটের কাছে আনার পর তিনি অকপটে বললেন, নিয়মিত এভাবেই সড়ক পার হন তিনি। তখন ১০ টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেন ম্যাজিস্ট্রেট।

স্কাউট সদস্যদের হাতে ধরা পড়া আরেক তরুণ ‘আর কখনো ফুটব্রিজ ছাড়া রাস্তা পার হব না’ মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান বলেন, “পথচারীদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা খুব বেশি। এজন্য দেড়শ জনকে ধরেছি। কিন্তু সবাইকে জরিমানা করা হয়নি। মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছি। এছাড়া কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়েছে।”

বৃহস্পতিবার বিকালে পল্টন মোড়ে চলন্ত অবস্থায় বাসে যাত্রী তুলতে দেখা যায়। যাত্রীরাও গাড়ির ফাঁক গলে বাসে উঠছিলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কি না জানতে চাইলে, হিমাচল পরিবহনের চালকের সহকারী হেলাল উদ্দিন বলেন, তেমন কিছু তিনি দেখছেন না।

“খালি কাগজপাতি ছাড়া গাড়ি রাস্তায় বাইর হয় না। এইডা ছাড়া আর সবকিছু আগের মতোই আছে।”

মহাখালী আমতলী সিগন্যাল হয়ে গুলশানের দিকে যেতে ডান পাশের দুটি লেইন ব্যবহার করার কথা। কিন্তু মিরপুর-কুড়িল বিশ্বরোড রুটের বিহঙ্গ পরিবহনের একটি বাস বাঁ লেন ধরে সামনে চলে আসে। ফলে ওই লেইন ধরে আসা বনানীমুখী যানবাহনগুলো থমকে যায়।

লেইন বন্ধ করার কারণ জানতে চাইলে চালক কোনো উত্তর দেননি। তবে তার সহকারী রাসেল দাবি করেন, তাদের গাড়ির কারণে বেশিক্ষণ আটকে থাকতে হবে না।

“সিগন্যাল তো এখনই ছাইড়া দিব। হের লাইগা আগে আসছি।”

মহাখালী জলখাবারের সামনের সড়কে গুলশানগামী রবরব পরিবহনের একটি বাসকে সড়কের মাঝখানে যাত্রী তুলতে দেখা যায়, যদিও বামপাশের লেনটি ফাঁকাই ছিল।

রাস্তার মাঝখানে যাত্রী তোলার কারণ জানতে চাইলে হেলপার বলেন, “ওইদিক দিয়া মোটরসাইকেল যায়। আর দেখেন না, হেইখানে রিকশা রাইখা দিছে।”

মিরপুর ১০ নম্বর এলাকায় দেখা যায়, ফার্মগেইট-মতিঝিল, সদরঘাট ও মহাখালীগামী বাসগুলো সিগন্যাল পার হয়েই মাঝ রাস্তায় যাত্রীদের নামাচ্ছে বা তুলছে। বাস নির্ধারিত স্থানে থামার আগেই হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা।

নির্ধারিত স্থানে না গিয়ে যাত্রী তোলার কারণ জিজ্ঞেস করলে এক বাসের চালকের সহকারী বলেন, “যাত্রীরা লাফালাফি কইরা উঠা শুরু করে। আমরা কি করমু? তখন তো টান দিলেও এক্সিডেন্ট হইব।” 

মিরপুর ১৪ নম্বরে হুড়াহুড়ির মধ্যে বাসে উঠতে না পেরে নাজিয়া শারমিন নামে একজন বললেন, “বাচ্চাদের আন্দোলনের পর ভেবেছিলাম এরা ঠিক হবে। কিন্তু যা ছিল তাই। পুলিশকেও তো দেখছি না কিছু করতে। এভাবে কি গাড়িতে ওঠা যায়?”

একই চিত্র দেখা যায় মিরপুর ১ নম্বরেও। সেখানে গুলশান-বনানীগামী রবরব, বসিলা থেকে আবদুল্লাহপুরগামী প্রজাপতি পরিবহনসহ বেশ কিছু বাসকে চলন্ত অবস্থায় যাত্রী তুলতে দেখা যায়।

পল্লবী ট্রাফিক জোনের (ট্রাফিক পশ্চিম ডিভিশন) ট্রাফিক সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, সিগন্যাল অমান্য করা, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার জন্যই বেশিরভাগ মামলা দিচ্ছেন তারা।

“কাগজ ফেইল করেছে এমন সংখ্যা খুব কম। ২ থেকে ৩ শতাংশ হতে পারে।”

শিক্ষার্থীদের আন্দোলনের ফলে পুলিশ কঠোর হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা আগেও কঠোর ছিলাম। কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকায় আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে পারিনি। এখন সেটা করছি।”