খিলগাঁওয়ের শিশুপার্ক দখলমুক্ত করতে হাই কোর্টের নির্দেশ
রাজধানীর খিলগাঁওয়ের বি ব্লকে আনসার-ভিডিপির দখলে থাকা শিশু পার্ক দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আনসার ভিডিপি কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে করা এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানির পর তা যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।
আদালতে রিটের পক্ষের শুনানি করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আনসার ভিডিপির পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুর রউফ শেখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
রিজওয়ানা হাসান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯০ দিনের মধ্যে দখলমুক্ত করার পাশাপাশি আগামী এক বছরের মধ্যে দুই বিঘা জমির এই শিশুপার্কটিকে আধুনিক, সুন্দর শিশুপার্ক হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে, শিশুপার্কটি সকল শিশুর জন্য উন্মুক্ত থাকবে।”
১৯৮৭ সালে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে এই শিশুপার্ক ইজারা নেয়। ১৯৯৬ সালে সেই ইজারা বাতিল করা হয়। কিন্তু ইজারা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ওই বছরই হাই কোর্টে রিট আবেদন করে আনসার কর্তৃপক্ষ, যেটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত।
আনসার ভিডিপির ইজারা বাতিলের চার বছর পর অর্থাৎ ২০০০ সালে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ‘সবুজমতি ট্রাস্টের’ নামে ইজারা দেওয়া দেওয়া হয়। পরে এলাকাবাসীর দাবির মুখে ২০০৪ সালে সেই ইজারা বাতিল করা হয়।
রিজওয়ানা বলেন, কিন্তু সবুজমতি ট্রাস্টের ইজারা বাতিলের পর ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনসার-ভিডিপি গায়ের জোরে ওই পার্কটি দখলে নেয়।
“গায়ের জোড়ে বলছি এই কারণে, তাদের পক্ষে তো কোনো লিজ ছিল না। ওদের আগের লিজটা তো বাতিল করা হয়েছে। তাছাড়া ওদের পক্ষে হাই কোর্টের কোনো স্থগিতাদেশও ছিল না। ফলে গায়ের জোরেই এটি দখলে রাখে।”
সেটি চ্যালেঞ্জ করে ২০০৮ সালে বেলা পার্কটি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট করে জানিয়ে বলেন, “আদালত আজ আনসার ভিডিপির রিটটি খারিজ করে দিয়ে এবং আমাদের রিটে জারি করা রুল যথাযথ ঘোসণা করে এ রায় দিয়েছে।”
