২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র-ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 10:37 AM

Updated : 08 Apr 2022, 06:48 PM

র‌্যাব বলছে, নিহত মনির মোহাম্মদপুর এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী। স্থানীয়রা তাকে চেনে ‘সিক্সটি ফাইভ মনির’ নামে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।

বুধবার ভোরের দিকে কেরানীগঞ্জের আটি ভাওয়াল এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব -২ এ দায়িত্বরত সিনিয়র এএসপি মো. রবিউল ইসলামের ভাষ্য।

তিনি বলেন, ‘একদল সন্ত্রাসী’ আটি ভাওয়াল এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। 

“সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে পাওয়া যায়।”

র‌্যাব সদস্যরা মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে রবিউল ইসলাম জানান।

ঘটনাস্থল থেকে একটি শটগান ও একটি পিস্তল উদ্ধার করার কথাও জানিয়েছেন তিনি।