২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দায়ীদের শাস্তি হবে: নৌমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু এবং সেতু থেকে খালে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘হত্যার’ ঘটনায় জড়িতদের শাস্তি হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 06:50 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এই আশ্বাস দেন।

এদিন দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

তার আগে দুর্ঘটনায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইদুর রহমান পায়েলকে গত ২১ জুলাই অচেতন অবস্থায় সেতু থেকে খালে ফেলে দেয় হানিফ পরিবহনের চালক ও তার সহকারীরা। গত সোমবার মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রোববার সচিবালয়ে মোংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন কেনার চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকরা এ দুটি ঘটনার প্রসঙ্গ তুলতেই শাজাহান খান বলেন, “যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি তাকে পেতে হবে।”

এরপর চুক্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সেই প্রশ্ন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান নৌমন্ত্রী।

কিন্তু সাংবাদিকরা বার বার ওই দুটি ঘটনা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির কাছে প্রশ্ন করেন।

এ নিয়ে কোনো কথা বলতে না চাইলেও এক পর্যায়ে শাজাহান খান বলেন, “আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে সে সেভাবেই শাস্তি পাবে। যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে কেউ কোনো… এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ এখানে নেই।”

নৌমন্ত্রীর প্রশ্রয় ও মদদেই চালকরা এ ধরনের সাহস পাচ্ছে- এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক এ সময় শাজাহান খানের বক্তব্য জানতে চান।

মন্ত্রী বলেন, “আমি যদি না থাকি, আপনারা কি মনে করেন…।”

এরপর কথা ঘুরিয়ে শাজাহান খান বলেন, “আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, গতকাল আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ৩৩ জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি এগুলো কি ওখানে কথা বলে?

“এ বিষয়ে (দুর্ঘটনা) আলোচনা করতে চাইলে পরে আলোচনা হবে। বন্দর নিয়ে প্রশ্ন থাকলে করেন।”

এরপরেও একজন সাংবাদিক ওই দুটি ঘটনা নিয়ে প্রশ্ন করলে শাজাহান খান বলেন, “আপনি কি জানেন যে ভারতে প্রতি ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় কতজন মারা যায়? ১৬ জন মারা যায়, আপনাদের রিপোর্ট থেকেই জানলাম। পোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে করেন।”

পুরনো খবর:

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু
খালে ফেলার আগে ‘থেঁতলে দেওয়া হয়’ পায়েলের মুখ