সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খোলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।”
সেন্ট কিটসে শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। ২০০৯ সালের পর এই প্রথম দেশের বাইরে কোনো সিরিজ জিতল বাংলাদেশ।
সবশেষ ২০০৯ সালের অগাস্টে জিম্বাবুয়েতে ৫ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। ওই জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
