২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে জার্মান দূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হাইনরিখ প্রিঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 09:12 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

বৃহস্পতিবার বিদায়ী জার্মান দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। ১৯৭২ সালের জানুয়ারিতে জার্মানি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর হতে বাংলাদেশের সাথে জার্মানির সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।”

রাষ্ট্রপতি বলেন দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার।

ই-পাসপোর্ট করতে জার্মানির সাথে চুক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

তিনি এসময় রাষ্ট্রদূতের কার্যকালে তার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

বিদায়ী সাক্ষাতে রাষ্ট্রদূত হাইনরিখ প্রিঞ্জ বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘সিভিল সোসাইটির মধ্যেও সম্প্রসারিত’। জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে জার্মানির অনেক বিনিয়োগ আছে। তার দেশের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।