মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা নিহত
রাজধানীর মহাখালীতে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মহাখালী রেলক্রসিংয়ের অন্তত ১৫ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
“তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।”
মহাখালী রেলওয়ে সিগনাল পোস্টের দায়িত্বে থাকা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেললাইন পারাপারের সময় পঞ্চাশোর্ধ্ব একব্যক্তি ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে যান। মাথা ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের সঙ্গে কোনো পরিচয়পত্র নেই জানিয়ে তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরাও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
