২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধস: জেলা প্রশাসকদের সহায়তা চাইলেন বনমন্ত্রী

পাহাড় ধস রোধে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 02:23 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকেদের তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, পাহাড় কাটা, বনের জমি লিজ নেওয়া, বনভূমির অবৈধ দখল, নদী দখল, নদী দূষণ নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কীভাবে এগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে।

“কক্সবাজারে বনের প্রায় ৫ হাজার একরের মতো জমির ক্ষতি হয়েছে। সেখানে আবার পুনঃবনায়ন করার ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি, সেগুলো নিয়ে কথা হয়েছে।”

বান্দরবানে পাহাড় ধস নিয়েও কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “পাহাড় ধসে প্রাণহানির মূল কারণ হচ্ছে গাছগুলো আমরা কেটে ফেলেছি… অবৈধ স্থাপনাগুলো। অন্যান্য জায়গায় পাহাড়গুলো পাথুরে থাকে, কিন্তু আমাদের এখানে মূলত মাটি। পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পারলে এই প্রবলেমটা থেকে যাবে।”

বৃক্ষ নিধন আর নিয়ম ভেঙে পাহাড় কাটার কারণে প্রতি বছরই দেশের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে।

এর মধ্যে নতুন করে আসা সাত লাখের বেশি রোহিঙ্গার জন্য থাকার ব্যবস্থা করতে গিয়ে কক্সবাজারের পাহাড়ি এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ায় ধসের ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ।  

গতবছর ১১ থেকে ১৩ জুন ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় অন্তত ১৫৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে বান্দরবানে মৃত্যু হয় ৬ জনের।

টানা বৃষ্টিতে বুধবার সকালেও কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে চার ভাইবোনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বর্ষার সময় জেলা প্রশাসকদের এ বিষয়ে বাড়তি মনোযোগ দিতে বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বর্ষার আরও দুমাস আছে, এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।”

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে বনের ক্ষতির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে যে ক্ষতি হয়েছে তা আমাদের নেমে নিতে হবে। কারণ আমরা তাদের এখানে আশ্রয় দিয়েছি। জ্বালানির অন্য কোনো বন্দোবস্ত করা না গেলে তারা গাছ কাটবেই। সিলিন্ডার দিলে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। তবে কয়লা দেওয়া গেলে গাছের ক্ষতি হবে না।”

পাহাড় ধস ও বনভূমি রক্ষায় কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা - এ প্রশ্নের মন্ত্রী বলেন, “কাউকে এককভাবে দোষ দেওয়া যায় না। অনেক মানুষ, যাদের জমি নেই তারা ওখানে থাকে। এদের উচ্ছেদ করা হয়, আবার গিয়ে থাকবে।”

সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “স্থায়ী সমাধান আছে। এভাবে চলবে না। ব্যবস্থা হচ্ছে, পারমানেন্ট উচ্ছেদ করা, তাদের অন্য জায়গায় বাসস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা… এগুলো করতে পারলে এটা বন্ধ হবে।”

যেসব জায়গায় গাছ কাটা হয়েছে সেসব জায়গায় গাছ লাগাতে পারলে পাহাড় ধসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বন মন্ত্রী।

তিনি বলেন, “পাহাড়ে উচ্ছেদ কার্যক্রম কন্টিনিউয়াসলি চলছে। আবার তারা এসে বসছে। আমাদের যে অবস্থা, এর মধ্যে আমাদের এগুলো ঠিক করে নিতে হবে “

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়।

পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন জেলা প্রশাসকদের সঙ্গে দিনের দ্বিতীয় কার্য অধিবেশনে যোগ দেন।