২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে উপ-নির্বাচনে ‘বাধা নেই’

কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন ‘গ্রহণযোগ্য নয়’ বলে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 06:07 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

গত সপ্তাহে দায়ের করা ওই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন শেখ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। 

আদেশের পর মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিট আবেদনটি খারিজ হয়ে যাওয়ায় বুধবার কুড়িগ্রামে উপ নির্বাচন হতে কোনো আইনি বাঁধা থাকল না।

চলতি বছরের ৩০ এপ্রিল সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটে চিলমারী উপজেলার চিলমারী, রমনা, রানীগঞ্জ ও থানাহাট ইউনিয়ন কুড়িগ্রাম-৪ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে গত ১১ মে কড়িগ্রাম-৩ আসেনে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

পরে গত ১০ জুন ওই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ওই দিনই রংপুর আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন কুড়িগ্রাম-৩ আসনের নির্বাচনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই ও ৩ জুলাই প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই ওই আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পরদিন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব সাংবাদিকদের বলেন, কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও উপ-নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সীমানা অনুযায়ী হবে।

আগের সীমানা অনুযায়ী উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন বাদে বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়ন এ আসনের অন্তর্ভুক্ত। এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন।

রিট আবেদনকারী এস এম মোস্তাফিজুর রহমান রমনা ইউনিয়নের বাসিন্দা। ৩০ এপ্রিলের গেজেট অনুযায়ী তিনি কুড়িগ্রাম-৪ এর বাসিন্দা হলেও এ নির্বাচনে তাকে ভোট দিতে বলা হয়েছে কুড়িগ্রাম-৩ এ।

এ কারণে তিনি ৩০ এপ্রিলের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। তার পক্ষে ‍শুনানি করেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-নির্বাচন স্থগিত চেয়ে করা রিটটি ‘গ্রহণযোগ্য নয়’ বলে হাই কোর্ট খারিজ করে দিয়েছে।

রিট আবেদনকারী মোস্তাফিজুর রহমান বর্তমানে কুড়িগ্রাম-৪ এর ভোটার। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-৩ আসনের ভোটার ছিলেন।

“আবেদনকারী বর্তমানে কুড়িগ্রাম-৪ আসনের ভোটার হলেও দশম জাতীয় সংসদে তিনি কুড়িগ্রাম-৩ আসনের ভোটার হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। ফলে তিনি এ উপনির্বাচনেও ভোটধিকার প্রয়োগ করতে পারবেন।

“মানে, তিনি তার ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন না। তাছাড়া তিনি তার বর্তমান আসনে কোনো প্রকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। এ বিষয়গুলো বিবেচনা করে আবেদনটি গ্রহণযোগ্য নয় মর্মে আদেশ দিয়েছে আদালত।”

আওয়ামী লীগের প্রার্থী এমএ মতিন এবং জাতীয় পার্টির প্রার্থী আক্কাছ আলী এ উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।