ঢাবি ক্যাম্পাসে দুই ছাত্র-ছাত্রীকে পেটালো ছাত্রলীগকর্মীরা
প্রকাশ্য দিবালোকে বিনা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জ্যেষ্ঠ দুই ছাত্র-ছাত্রীকে শিক্ষার্থীকে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একদল কর্মী পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের (রেজিস্টার বিল্ডিং) সামনে মল চত্বরে এঘটনা ঘটে বলে ভুক্তভোগী এক ছাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মারধরের শিকার দুজন হলেন- রোকেয়া গাজী লীনা ও আসাদুজ্জামান প্রান্ত। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের ছাত্র ছাত্রলীগকর্মী সিফাত উল্লাহ এবং ছাত্রলীগের হল কমিটির সদস্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোল্লাহ মো. আল ইমরান পলাশ ছিলেন। এরাসহ সবাই বিভিন্ন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র।
লীনা ফেইসবুকে লিখেছেন, তারা দুজন কার্জন হলে যেতে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ১০-১২ ছাত্র তাদের পথরোধ করে উদ্ধত ভঙ্গিতে পরিচয় জানতে চান ও আইডি কার্ড দেখাতে বলেন। পরিচয় দিয়ে কারণ জানতে চাইলেও তারা কার্ড দেখাতে বলে।
কিন্তু কার্ড দেখানোর পর তাদের একজন ‘প্রথম বর্ষের ছেলে কি তোরে চার্জ করতে পারে না? ১ম বর্ষের পোলাপানের হাতে মাইর খাইতে খুব মজা লাগব’ বলে আসাদকে থাপ্পড় মারে। এসময় সবাই আসাদকে এলোপাতাড়ি মারধর করে। লীনা বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।
মেরেই তারা সূর্যসেন হলের ভেতরে ঢুকে গেলে আসাদও পেছন পেছন ঢুকে মারধরের কারণ জানতে চান। তখন তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়ে অন্তত ১৫ জন গেস্টরুম থেকে স্ট্যাম্প ও কাঠ নিয়ে এসে আসাদকে বেধরক পেটায়। লীনা আবারও তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়, এক পর্যায়ে ওই ছাত্রীর পায়ের বুড়ো আঙুলের নখ উঠে যায়।
ঘটনা জানাতে রাত ৯টার দিকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে ফোন দিলে তিনি পাল্টা জানতে চান, ওই ছাত্রী এত রাত পর্যন্ত বাইরে কেন, ওই ছাত্রী কোন হলের আবাসিক ইত্যাদি।
পরে রাত পৌনে ১০টার দিকে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল তাদের বক্তব্য শোনে ঘটনার বিবরণ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি দরখাস্ত লিখতে বলেন। আহত ওই দুই শিক্ষার্থীকে তিনি হলে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং তাদের চিকিৎসারও বন্দোবস্ত করেন।
লীনা লিখেছেন, “আমরা দুজনেই মানসিকভাবে বিপর্যস্ত। নিজের ক্যাম্পাসে এরকম #শারীরীক#মানসিক #হ্যারেস্মেন্ট #হামলার শিকার হব সেটা মেনে নেওয়া অসম্ভব। আজকে পরিচয়পত্র দেখানোর পর, তাদের সিনিয়র জানার পরও হ্যারাস করল। আমার যে জুনিয়র বোন বা ভাই মাত্রই ক্যাম্পাসে আসল তাদের নিরাপত্তা কি তাহলে? আমার ক্যাম্পাসে আমি অতর্কিত হামলার শিকার হব কেন?
“আমরা সূর্যসেন হলের প্রভোস্ট স্যারের সাথে কথা বলেছি। স্যার আমাদেরকে আগামীকাল লিখিত দিতে বলেছেন এবং প্রক্টোরিয়াল টিমও আমাদের ন্যায্য বিচারের আশ্বাস দিয়েছেন এই পর্যন্ত। আমরা লিখিত দিব। “
এবিষয়ে মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, “এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। হলের সিসি টিভির ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করা হবে। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুসারে আমরা ন্যায্য বিচার করব।
“ভবিষ্যতে যেন ঢাবি ক্যাম্পাসে আর এমন ঘটনা না ঘটে।”
সূর্যসেন হলের আবাসিক শিক্ষক অধ্যাপক তারেক জিয়াউর রহমান সিরাজীর নেতৃত্বে এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন।
