২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী শুরু
শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী।
শনিবার পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ ও চিত্রশিল্পী চন্দ্র শেখর দে।
আসাদুজ্জামান নূর বলেন, “চিত্রকর্ম একটি রহস্যময় শিল্প। প্রতিটি মানুষের কাছে এবং সময়ের সঙ্গে সঙ্গে চিত্রকর্মের অর্থ ও তাৎপর্য পরিবর্তিত হয়। এটাই এ শিল্পমাধ্যমের সার্থকতা। আর এ কারণেই এ শক্তিশালী শিল্পমাধ্যমটি হাজার হাজার বছর ধরে প্রাণবন্তভাবে বেঁচে আছে।”
১৯৭৫ সাল থেকে ধারাবাহিকভাবে দুই বছর পর পর নবীনশিল্পী চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের আয়োজনে ২১ থেকে ৩৫ বছর বয়সী নবীন ৭৮৭ জন শিল্পীর এক হাজার ৯৭৬টি শিল্পকর্ম জমা পড়ে। এর মধ্য থেকে ৩৮০জন শিল্পীর ৪১২টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, কারুশিল্প, স্থাপনা, পারফরমেন্স আর্ট এবং নিউ মিডিয়াসহ চারুশিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্ম রয়েছে।
এবারের প্রদর্শনীতে ৮টি বিভাগে নবীন শিল্পীদের পুরস্কৃত করা হয়। নবীন শিল্পী চারুকলা পুরস্কার পেয়েছেন সাগর চক্রবর্তী। চিত্রকলায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন প্রদীপ সাহা, ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এস এম শাহ আনিসুজ্জামান ফারুকী ও ছাপচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন স্বপন কুমার সানা। সম্মানসূচক পুরস্কার পেয়েছেন সুষ্মিতা মুখার্জ্জী মিষ্টি, ফয়সাল আবির, মাহমুদা সিদ্দিকা ও অসীম কুমার রায়।
এ প্রদর্শনী চলবে ২৮ জুলাই পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন চন্দ্র শেখর দে। আর শনিবার ২১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছিলেন অতিথি হয়ে।
দর্শনীর বিনিময়ে অ্যাক্রোবেটিক প্রদর্শনী শুরু
প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করল শিল্পকলা একাডেমি। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল শনিবার একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নিজেদের কসরত প্রদর্শন করে।
আয়োজকরা জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চীন সরকারের সহযোগিতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১০ জন অ্যাক্রোবেটিক শিল্পী এক বছরের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
শিল্পকলা একাডেমির একটি বড়দের দল এবং একটি ছোটদের দল সারা দেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
‘দুর্নীতির বিরুদ্ধে গাইব গান’
জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সরব সংগীতাঙ্গন এবার লড়বে দুর্নীতি প্রতিরোধে। দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ নির্মাণের প্রত্যয় নিয়ে শনিবার ঢাকায় শুরু হয়েছে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের তৃতীয় জাতীয় সম্মেলন।
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
পরিষদের সভাপতি শিল্পী তপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়।
রামেন্দু মজুমদার বলেন, “দেশ বৈষয়িক দিক দিয়ে উন্নতি করেছে। কিন্তু নৈতিক দিক দিয়ে মানুষের অবক্ষয় হয়েছে। এখন প্রয়োজন সাংস্কৃতিক পুনর্জাগরণ।”
দুর্নীতির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ প্রান্তিক পর্যায় থেকে শুরু করার আহ্বান জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি গোলাম কুদ্দুছ।
শনিবার দিনব্যাপী সম্মেলনে পরিষদের ১০টি সাংগঠনিক জেলার ৯টি জেলার প্রতিনিধিরা অংশ নেন। এগুলো হল- রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা।
