২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সিটিতেও বিনা পরোয়ানায় গ্রেপ্তারে বারণ

৩০ জুলাই ভোটের আগে মঙ্গলবার থেকে প্রতীক পেয়েই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 12:26 AM

Updated : 19 Aug 2022, 02:18 PM

গাজীপুরের মতো রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনেও প্রচারের সময় বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিচ্ছে নির্বাচন কমিশন।

সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে একই রকম নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

খুলনার পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি নেতাকর্মী ও তাদের প্রার্থীর সমর্থকদের গ্রেপ্তার-হয়রানির অভিযোগ উঠে। ইসির কাছে প্রতিকারও চেয়েছিল দলটি।

এর পরিপ্রেক্ষিতে ভোটের দুদিন আগে বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার না করতে গাজীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিল ইসি।

নির্বাচন কমিশনার শাহাদাত বলেন, বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং নির্বাচনী এলাকার অভিযোগ আমলে নিয়ে এই নির্দেশনা দেওয়া হচ্ছে।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুরেও এমন নির্দেশনা দিয়েছি। এখন তিন সিটিতে দেওয়া হবে। যাতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সিটি এলাকার কোনো বাসিন্দা বা ভোটারকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা না হয়। তবে ওয়ারেন্ট থাকলে তা ভিন্ন বিষয়।”

১২ জুলাই তিন সিটি নিয়ে আইন শৃঙ্খলা বৈঠক রয়েছে ইসির। ৩০ জুলাই তিন সিটিতে ভোট হবে।

এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কিছু দল অংশ নিচ্ছে। সুষ্ঠু ভোট আয়োজনে ইসির সার্বিক উদ্যোগের পাশাপাশি দলগুলোকে সহায়তা করার অনুরোধ জানান এ নির্বাচন কমিশনার।

খুলনা-গাজীপুর সিটিতে তফসিল ঘোষণার পর নেতাকর্মী ও প্রার্থীর এজেন্টদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করে বিএনপি। গাজীপুর সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানায় দলটি।

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও। অব্যাহত সমালোচনায় গাজীপুরে ভোটে কী ঘটেছিল, তা খুঁজতে একজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেন সিইসি।

আগামী তিন সিটিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয় ইসি।

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে যেন গাজীপুরের ‘ঘটনার’ পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে বলে ইতোমধ্যে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

এই নির্বাচন কমিশনার বলেন, “গাজীপুরে কিছু অসুবিধা হয়েছে, এর জন্য আমরা নয়টি কেন্দ্র বন্ধ করেছি। এমন ঘটনা যেন না ঘটে, আগামী তিন সিটি নির্বাচনে যেন কেন্দ্র বন্ধ করতে না হয় সে ব্যবস্থা আমরা নেব। এরপরও হলে আমরা এখানেও কেন্দ্র বন্ধ করব।”

ঘোষিত তফসিল অনুযায়ী, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যারের শেষ সময় সোমবার। মঙ্গলবার প্রতীক পেয়েই প্রচারে নামবে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

পুরনো খবর:

আমরা আইনানুগ নির্বাচনের চেষ্টা করি: কমিশনার রফিক
গাজীপুরের ভোটে কী ঘটেছে, খুঁজছেন মাহবুব তালুকদার
গাজীপুর নির্বাচন: পুলিশকে হয়রানি বন্ধের নির্দেশ ইসির