রাণী সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রাণী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, এই অভিনেত্রীর মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, চলচ্চিত্রের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ১৯৫৮ সালে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করে তিনি প্রায় আড়াইশো চলচ্চিত্রে কাজ করেন।
বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি হল, বলেছেন শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে ফুসফুস ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগতে থাকা রাণী সরকারের শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার ভোর ৪টায় ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
