২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভের পাল্টায় সরব ছাত্রলীগ

কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, মামলার প্রতিবাদ, ছাত্রী নিপীড়ন ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ফের বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এদিন তাদের মিছিলের পাল্টায় ছাত্রলীগ নেতাকর্মীদেরও স্লোগান দিতে দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 05:29 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

পুরনো খবর:

‘নিরাপদ ক্যাম্পাস’ দাবিতে ঢাবির দুই ছাত্রী হলে মিছিল

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীদের সঙ্গে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরাও বিক্ষোভে অংশ দেন।

এর আগে বুধবার রাতে রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীদের বিক্ষোভ করেন। 

তিন হলের ছাত্রীরা সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। তবে সেখানে ছাত্রলীগের নেতৃত্বে ক্যাম্পাসে অস্থিতিশীলতার বিরুদ্ধে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন চলায় তারা শামসুন্নাহার হলের সামনে গিয়ে প্রায় ২০ মিনিট মিছিল করেন।

Image
ছাত্রীরা যখন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে পৌঁছান, সেখানে তখন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন চলছিল

ছাত্রীরা যখন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে পৌঁছান, সেখানে তখন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন চলছিল

শামসুন্নাহার হলের ছাত্রীরা বের হতে গিয়ে কর্তৃপক্ষের বাধা পেয়েছেন বলে জানিয়েছেন। পরে ছাত্রীদের মিছিলটি কলাভবন এলাকা হয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আসে।

গ্রন্থাগারের সামনে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী। সেখানে ছাত্রীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ স্লোগান দেন।

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও ‘পড়ালেখা করব, পরীক্ষা দেব’, ‘অবৈধ আন্দোলন, মানি না মানব না’ স্লোগান দিতে শুরু করলে ছাত্রীরা সেখান থেকে সরে টিএসসি ঘুরে রোকেয়া হলের সামনে অবস্থান নেন।

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফসানা সাফা ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী শেখ মৌসুমী আহমেদ। 

Image
ক্যাম্পাস ঘুরে ছাত্রীরা জড়ো হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে

ক্যাম্পাস ঘুরে ছাত্রীরা জড়ো হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে

শেখ মৌসুমী অভিযোগ করেন, ছাত্রলীগ নেতারা তাদের উদ্দশ্যে করে কটূক্তি করায় তারা গ্রন্থাগারের সামনে থেকে সরে যান।

“তারা আমাদের সেখানে হয়রানির চেষ্টা করেছে এবং আশপাশ থেকে কটূক্তি করেছে। তাই আমরা সেখান থেকে চলে এসেছি।”

তিনি আরও বলেন, “যৌক্তিক আন্দোলনে অংশ নিয়ে রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে এ অবস্থায় আমরা ক্লাসে অংশ নিতে পারি না। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।”

আফসানা সাফা বলেন, “আজকে আমরা যখন বিক্ষোভ করে গ্রন্থাগারের সামনে আসি সেখানে অনেক ছেলে আমাদের কটূক্তি করেছে। আমরা ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। কোনো ধরনের হামলা চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।”

Image
গ্রন্থাগারের সামনে ছাত্রীদের মিছিলের পাল্টায় ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগান

গ্রন্থাগারের সামনে ছাত্রীদের মিছিলের পাল্টায় ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগান

এর আগে গ্রন্থাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, যাকে গত শনিবার গ্রন্থাগারের সামনে, রোববার শাহবাগে ও সোমবার শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের মারধরে অংশ নিতে দেখা গেছে। তবে এখন তিনিও হামলাকারীদের বিচার দাবি করছেন।

জয়নাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই কোটা বিষয়ে একটা কমিটি করেছে, ১৫ দিনের মধ্যে তার রিপোর্ট দেবে কিন্তু তা না দেখেও কেন ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে?

“এখানে আন্দোলনে জামায়াত-শিবির এসেছে। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। যদি ক্যাম্পাস অস্থিতিশীল হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নেব না।”

Image
ছাত্রলীগের স্লোগানের মুখে গ্রন্থাগারের সামনে সরে রোকেয়া হলের সামনে অবস্থান নেন ছাত্রীরা।

ছাত্রলীগের স্লোগানের মুখে গ্রন্থাগারের সামনে সরে রোকেয়া হলের সামনে অবস্থান নেন ছাত্রীরা।

হামলায় তাকে অংশ নিতে দেখা গেছে, সাংবাদিকদের এমন কথার উত্তরে তিনি বলেন, “হামলা কারা করেছে আমরা জানি না, সেটা আইন দেখবে, বিশ্ববিদ্যালয় দেখবে। কিন্তু এই ইস্যু নিয়ে ক্যাম্পাস যদি অস্থিতিশীল করা হয়, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেনে নেব না।”

হামলার বিচার চান কি না জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই। বিচার হওয়া উচিত কিন্তু ক্যাম্পাস অস্থিতিশীল করা হবে কেন?”

এসময় তার পাশে দাঁড়িয়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেন সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো. জিহাদ। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি মোটর সাইকেল নিয়ে স্থান ত্যাগ করেন।

Image
রোকেয়া হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রীরা

রোকেয়া হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রীরা

অন্যদিকে রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ থেকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন আরেক দল শিক্ষার্থী, যেখানে ছাত্রলীগের কয়েকজন নেতাকেও দেখা গেছে।

ব্যানারে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ লেখা থাকলেও এই মানববন্ধনে অংশ নিতে দেখা যায় ইডেন ও হোম ইকোনমিক্স কলেজের কয়েকজন ছাত্রীকে।

তারা সাংবাদিকদের কাছে প্রথমে নিজেদের রোকেয়া হলের ছাত্রী দাবি করলেও পরে সাংবাদিকদের জেরার মুখে স্বীকার করেন তারা ইডেন ও হোম ইকোনমিক্স কলেজ থেকে এসেছেন।