২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরকুট রেখে নম্বর প্লেটহীন গাড়ি ফেলে পলায়ন

রাজধানীর গুলশানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানের মধ্যে চিরকুট লিখে নম্বর প্লেটবিহীন গাড়ি ফেলে পালিয়েছেন এক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 04:12 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরের আগে আগে গুলশান ১ নম্বর সেকশনের ১১২ নম্বর সড়কে গাড়িটি পাওয়া গেছে।

টয়োটা ল্যান্ড ক্রুজার ভি-৮ গাড়িটির দাম শুল্ক-করসহ আনুমানিক পাঁচ কোটি টাকা বলে জানান মহাপরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের একটি টিম অভিযান পরিচালনা করার এক পর্যায়ে মালিক বা চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।”

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ওই গাড়ির ভেতরে একটি চিরকুট পেয়েছেন তারা।

সেখানে লেখা আছে-“আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল।

“আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহাপরিচালক শহিদুল ইসলাম।