বন্ধ হওয়া ২০২টি মাদ্রাসার এমপিও বাতিল
দাখিল পরীক্ষায় পর পর দুই বছর কোনো পরীক্ষার্থী অংশ না নেওয়ায় একাডেমিক স্বীকৃতি বাতিল হওয়া ২২০টি মাদ্রাসার এমপিও বন্ধে পদক্ষেপ নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে সরকার।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এক চিঠিতে এই নির্দেশনা দেয়।
এতে বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ না করায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২টি মাদ্রাসার পাঠদানের অনুমতি স্থগিত ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইন পাসওয়ার্ড, মাদ্রাসার কোড নম্বর এবং ইআইআইএন নম্বর বন্ধ করেছে।
এসব মাদ্রাসার মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর এমপিও সাময়িকভাবে বন্ধ করে কেন তা স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চেয়ে মাদ্রাসাগুলোকে কারণ দর্শিয়ে মতামতসহ তা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ না করায় ২০২টি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শাতে বলে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
তবে বেশিরভাগ মাদ্রাসা শোকজের জবাব দেয়নি। আর জবাব দেওয়া মাদ্রাসাগুলোর বক্তব্য সন্তোষজনক না হওয়ায় গত ২৮ মে এসব মাদ্রাসার পাঠদানের অনুমতি স্থগিত ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইন পাসওয়ার্ড, মাদ্রাসার কোড নম্বর এবং ইআইআইএন নম্বর বন্ধ করে দেয় মাদ্রাসা শিক্ষা বোর্ড।
