২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা: সব আপিলের শুনানি এক সঙ্গে

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের করা দুটি আপিল এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের করা আপিলের শুনানিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের সঙ্গেই হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 12:15 AM

Updated : 19 Aug 2022, 02:15 PM

এ মামলায় মোট চারটি আপিল একসঙ্গে শুনানি হবে আগামী মঙ্গলবার।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ দুদকের আবেদনে রোববার তিনটি আপিলের ওপর শুনানির দিন মঙ্গলবার ধার্য করে আদেশ দেয়।

এর আগে গত ২৭ জুন দুদকের আবেদনে হাই কোর্ট খালেদা জিয়ার আপিলের ওপর ৩ জুলাই শুনানির দিন ধার্য করেছিল।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গত ১৬ মে এক আদেশে ৩১ জুলাইয়ের মধ্যে হাই কোর্টে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির নির্দেশ দেয়।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ গত ৮ ফেব্রুয়ারি রায় দেয়। রায়ে খালেদা জিয়াকে ৫ বছর এবং কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে তারা পৃথকভাবে আপিল করেন। হাই কোর্ট এসব আপিল গ্রহণ করার পাশাপাশি নিম্ন আদালতের দেওয়া জরিমানার রায় স্থগিত করে।

পরবর্তীতে এ মামলায় গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাই কোর্ট। এ জামিনের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগ দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করলেও ৩১ জুলাইয়ের মধ্যে হাই কোর্টে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির নির্দেশ দেয়।

 এ আদেশের পর দুদকের আইনজীবী হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে খালেদা জিয়ার আপিল এবং অপর দুই আসামি ও দুদকের কর আপিল শুনানির জন্য দিন ধার্য করার আবেদন জানায়।

তবে আদালত বলে, দুদকের মামলা করার এখতিয়ার তাদের নেই। একারণে খালেদা জিয়ার আপিল ছাড়া অন্য কোনো আপিল শুনানি করতে পারবেন না।

এরপর দুদক অন্য তিনটি আপিল শুনানির এখতিয়ার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চকে দেওয়ার জন্য প্রধান বিচারপতির আছে আবেদন করে।

এ আবেদনে প্রধান বিচারপতি গত ২৮ জুন এক আদেশে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চকে কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ ও দুদকের আপিল শুনানির ক্ষমতা দিয়ে আদেশ জারি করেন।

ওই আদেশের অনুলিপি নিয়ে খালেদা জিয়ার সঙ্গেই অন্য তিন আপিলের শুনানির জন্য রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চে আবেদন জানান।

এ সময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তো এরাইজিং আউট অব সেম জাজমেন্ট। যে জাজমেন্টে খালেদার আপিলটা পেন্ডিং। রুল অব প্রাকটিস হল, প্রধান বিচারপতির কাছে দরখাস্ত দিতে হয়। সে অনুযায়ী আমরা এফিডেবিট করে অন্যান্য পক্ষগুলোকে তার অনুলিপি দিয়ে প্রধান বিচারপতির দফতরে দরখাস্ত করেছিলাম।

“দরখাস্ত দেওয়ার পরে সেটার (আবেদনের) উপর উনি (প্রধান বিচারপতি) একটা আদেশ দিয়েছেন। ওই তিনটা ফাইল (সাজার বিরুদ্ধে কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের করা আপিল) খালেদা জিয়ার আপিলের সঙ্গে শুনানি হবে।”