প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সাক্ষাৎ
উপকূলীয় নিরাপত্তা বিধানে বাংলাদেশ এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নৌবাহিনীর প্রধান এডমিরাল সুনীল লনবার সঙ্গে আলোচনায় এই বিষয়টির উপর গুরুত্ব দেন বাংলাদেশের সরকার প্রধান।
বাংলাদেশ সফররত এডমিরাল সুনীল লনবা সোমবার সন্ধ্যায় গণভবনে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী ভারতীয় নৌ প্রধানকে বলেন, উপকূলীয় নিরাপত্তা বিধানে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী অভিজ্ঞতা বিনিময় করতে পারে।
“এডমিরাল লনবা বলেছেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং আমরা একে আরও এগিয়ে নিয়ে যেতে চাই “ বলেন প্রেস সচিব।
দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার বেশ কিছু ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং কিছু সহযোগিতা বিনিময়ের কথা উল্লেখ করেন এডমিরাল লনবা।
বৈঠকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে সমস্যা শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি উল্লেখ করে সুনীল লনবা একে দুই দেশের মধ্যে ‘বন্ধুত্বের উজ্জ্বল নিদর্শন’ বলে অভিহিত করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি।
ভারতের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান থাকার উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “পারস্পরিক সহযোগিতা বিদ্যমান থাকলে অনেক কিছুই করতে পারে এই দু’দেশ।”
বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৫ পর অনেক রেলপথ, নৌপথ এবং সড়কপথ বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো পুনরায় খোলা হয়েছে এবং আরও বেশ কিছু পুনরায় চালুর অপেক্ষায় রয়েছে।
সশন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হষবর্ধন শ্রীংলা এবং ভারতীয় নেীবাহিনী প্রধানের স্ত্রী রিনা লনবা এই সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের আমন্ত্রণে ভারতের নৌবাহিনী প্রধান সুনীল লনবা ছয় দিনের শুভেচ্ছা সফরে রোববার ঢাকা এসেছেন।
