২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়িতে স্বামীর মারধরের পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2018, 08:44 PM

Updated : 08 Apr 2022, 06:32 PM

শুক্রবার বিকালে যাত্রাবাড়ির দনিয়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিহতের স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানিয়েছেন।

নিহত আসমা আক্তার শিমু (৩৪) দনিয়া এলাকার অন্বেশা গলির ১০তলা বাড়ির ৫ম তলায় ফল ব্যবসায়ী স্বামী আব্দুল মাজেদের সঙ্গে থাকতেন। শিমু দুই সন্তানের মা।

হাসপাতালে আসা শিমুর স্বজনের বরাত দিয়ে বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই বাসায় মাজেদের ভাইয়ের পরিবারও থাকে। শুক্রবার বিকালের দিকে শিমুর হাত থেকে গরম চা মাজেদের ভাইয়ের মেয়ের শরীরে পড়ে।

“এতে মাজেদ ক্ষিপ্ত হয়ে শিমুকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। বিকাল ৫টার দিকে শিমুকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।”

ফিরোজ সাংবাদিকদের জানান, শিমুর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজন সেলিনা সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুকে মাজেদ মারধর করে। শিমু আগে থেকে প্রেসারের রোগী ছিল। ঘটনার পর মাজেদ পালিয়ে যায়।