ভোগান্তি, অনিয়মে শেষ মুহূর্তের বাসে ঈদযাত্রা
ঈদ স্বজনদের সঙ্গে কাটাতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে থাকা দেশের বিভিন্ন অঞ্চলমুখী মানুষ যানজটের ভোগান্তি ও নানা অনিয়মের মধ্য দিয়ে পার করেছে।
ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল রাজধানীর প্রতিটি বাস কাউন্টারে। রাতভর এই চাপ ছিল শুক্রবার দুপুর অবধিও। তবে বেলা যত গড়িয়েছে টার্মিনালের ভিড়ও কমেছে।
সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালীগামী যাত্রীদের উপচেপড়া ভিড়টি ছিল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে।
আগে থেকে টিকেট কাটা হয়নি, শেষ মুহূর্তে তাই কাউন্টারগুলোতেও ছিল যাত্রীদের দীর্ঘ সারি। শুক্রবার ভোর থেকে সায়েদাবাদের বাস কাউন্টারে এসে অপেক্ষা করছিলেন সিলেটগামী যাত্রী শরীফুল আলম রূপম।
রপ্তানিমুখী একটি পোশাক কারখানা কর্মকর্তা রূপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেতে চেয়েছিলাম ট্রেনে। কিন্তু টিকেট পাইনি। পরিবার পরিজনকে আগেই পাঠিয়ে দিয়েছি। বাসযাত্রায় ভোগান্তি আছে সড়কে। কিন্তু আমি নিরুপায়।”
শ্যামলী পরিবহনের টিকেট পেতে রূপমকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ‘সড়কে যানজটে গাড়ি আটকে আছে’- এমন ঘোষণা আসছিল বারবার। রূপমের মতো আরো অনেক যাত্রী ছিলেন বাসের অপেক্ষায়।
ফেনীগামী যাত্রী সুমাইয়া ইসলামের সঙ্গে কথা হয় হিমালয় পরিবহনের কাউন্টারে। তিনি জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে ‘কিছু টাকা বেশি’ দিয়ে তিনি বাসের টিকেট পেয়েছেন। তবে হিমালয় পরিবহনের কর্মীরা এই অভিযোগ মানতে নারাজ।
বরিশাল রুটের সাকুরা পরিবহন, পিরোজপুরের ইমাদ, বাগেরহাটের হামীম পরিবহন, খুলনার মধুমতি, সেবা গ্রীন লাইন, কক্সবাজারের সিডিএম, সিলেটের আনন্দ, কুমিল্লার এশিয়া, তিশা, প্রাইম, ফেনীর জোঁনাকি পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অস্বীকার করেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
মহাসড়কে যানজটে গাড়ি আটকে থাকায় বিপাকে পড়েছিলেন মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের যাত্রীরা।
বস্ত্র প্রকৌশলী রাফিউদ্দিন রাফি যাবেন ময়মনসিংহে, তিনি মহাখালীতে এসেছেন ভোর ৫টায়। দুপুর ১টার দিকে তার সঙ্গে যখন কথা হয়, তখনও তিনি টিকেট পাননি।
টার্মিনালে পর্যাপ্ত বাস থাকার পরও কেন টিকেট দেওয়া হচ্ছে না -এমন প্রশ্নের সঠিক জবাবও না পাওয়ার অভিযোগ আনেন তিনি।
রাফি বলেন, “ভোর ৫টায় এসে বসে আছি। কাউন্টার থেকে বলছে, বাস আসলে টিকেট দেওয়া হবে। কিন্তু কাউন্টারে পর্যাপ্ত বাস থাকার পর তারা সময়মতো বাসগুলো ছাড়ছেন না। এভাবে কতক্ষণ বসে থাকব জানি না। বাড়ি তো যেতেই হবে।”
স্ত্রী ও শিশু সন্তান নিয়ে এসেছিলেন অডিট ফার্মের কর্মকর্তা মোশাররফ হোসেন।
তিনি বলেন, “সেই ভোর থেকে বাচ্চাটাকে নিয়ে বসে আছি। গরমে সে কাহিল হয়ে পড়েছে। এদিকে টিকেট পাচ্ছি না। বাড়ি তো যেতে হবে। বাচ্চাটাকে নিয়ে বড় বিপদে পড়েছি।”
এনার ময়মনসিংহ রুটের কাউন্টার কর্মী ওমর জানান, তারা শুক্রবার ভোর থেকে ৪০টি গাড়ি ছেড়েছেন। দুপুরে গাজীপুরের সড়কে জ্যাম থাকায় গাড়িগুলো সেখানে আটকে থাকায় ঢাকা আসতে পারেনি। কাউন্টারে বাস না আসলে তারা অগ্রিম টিকেট দেবেন না।
ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায়ের সরকারি নিষেধাজ্ঞা মানেনি ময়মনসিংহ রুটের আলম এশিয়া, সৌখিন পরিবহনের বাসগুলো।
গার্মেন্টসকর্মী রুখসানা বলেন, “এনা পরিবহনের টিকেট না পায়া অন্য ট্রান্সপোর্টের অবস্থা দেখতে গেছিলাম। কিন্তু হেরা তো আরো বেশি চাইল। ২০০ টাকার ভাড়া চাইতাসে ৮০০ থিকা ১ হাজার টাকা। অনেকেই না পাইরা যাইতেসে গা! কতক্ষণ বইস্যা থাকব।”
মহাখালী থেকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রুটে যাওয়া বাসগুলোর সংখ্যা ছিল তুলনামূলক কম।
কিশোরগঞ্জের হোসেনপুর যাবেন যাত্রী গ্লাস কারখানা কর্মী জহির উদ্দিন।
তিনি বলেন, “সকাল ৭টা থেকে দুপুর ১টা অবধি একটা বাসও হোসেনপুরের দিকে যাবে না। জলসিঁড়ি পরিবহনের একটা বাসও এসেছিল। সেটাও চলে গেলো কটিয়াদির দিকে।”
এ বিষয়ে জলসিঁড়ি পরিবহনের ব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, “শুক্রবার রাতে ছেড়ে যাওয়া গাড়িগুলো এখন ঢাকায় ফিরে আসেনি। কাপাসিয়া, জয়দেবপুরে যানজট। বাস আসতে পারছে না। বাস আসলেই যাত্রীদের টিকেট দেওয়া শুরু করব।”
অগ্রিম টিকেট কেটেও সময়সমতো বাস না ছাড়ার অভিযোগ এনেছেন উত্তরবঙ্গগামী বেশকজন যাত্রী।
বগুড়াগামী যাত্রী মোহাম্মদ জামশেদ একতা পরিবহনের টিকেট কাটলেও সে বাসটি সময়মতো কাউন্টার ছেড়ে যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আগেভাগে টিকেট কেটে লাভ হল কই! বাস ছেড়ে যাওযার কথা কখন ! দুই ঘণ্টা ধরে বসে আছি। কিন্তু বাসের দেখা নেই।”
শাহ ফতেহ আলীর ব্যবস্থাপক মিজান বলেন, “সড়কে যানজট থাকলে আমরা কি করব! বাস আসলে ছেড়ে দেব।”
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে সিরাজগঞ্জগামী অভি ও স্টারলিট পরিবহন, শেরপুরের সাদিকা পরিবহন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের তুহিন এলিট পরিবহনের কাউন্টারগুলো ছিল বন্ধ।
পরিবহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর গড়াতে এসব রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়াতে কাউন্টারগুলোও বন্ধ হয়ে যায়।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিআরটিএর মেকানিক্যাল অ্যাসিস্টেন্ট সৌরভ কুমার সাহার সঙ্গে কথা হয়।
তিনি জানান, সকাল থেকে ময়মনসিংহ রুটে চাপ বেশি থাকায় বিআরটিসির ৪টি ডাবল ডেকার ও ২টি সিঙ্গেল ডেকার বাসে যাত্রীদের গন্তব্যে পাঠিয়েছেন তারা।
বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও বিআরটিএর এই কর্মকর্তা বলেছেন, “৫০-৬০ টাকা ঈদ উপলক্ষে বেশি নিতে পারে, এটা তেমন কিছু না।”
