রোহিঙ্গাদের কাজে আসা বিদেশিরা পাবে নতুন ক্যাটাগরির ভিসা: প্রধানমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে আসা বিদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টরন্টো থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে সোমবার সকালে হোটেল রিটজ-কার্লটনে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এক কথা বলেন।
পরে প্রধানন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে যাওয়া বিদেশি নাগরিকদের ভিসা জটিলতার প্রসঙ্গ তুলে ‘ভিসা স্ট্যাটাস জটিলতা সমাধানে তাদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি করার’ কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে বাংলাদেশে আশ্রয় দেওয়া বিরাট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বব রে।
বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বব রের সঙ্গে সাক্ষাৎকালে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় দুদেশের ব্যবসা-বাণিজ্য বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জেরেমি হ্যারিসন।
সব শেষে কমার্শিয়াল কোঅপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকির নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জাবলোকি পরিবেশবান্ধব প্রযুক্তিতে কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন।
এই তিন সাক্ষাৎ পর্বে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
