২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা বিচারে যে কোনো মৃত্যু বা নির্যাতন মানবাধিকার লঙ্ঘন: আয়েশা খানম

মাদকবিরোধী অভিযানে হতাহতের নিন্দা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, বিনা বিচারে যে কোনো মৃত্যু বা নির্যাতন মানবাধিকার লঙ্ঘন এবং সংবিধান পরিপন্থি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 02:17 AM

Updated : 11 Oct 2022, 12:24 PM

রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘সাম্প্রতিক পরিস্থিতি ও মহিলা পরিষদের বক্তব্য’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে এই অভিযান বাংলাদেশ মহিলা পরিষদ চায়, কিন্তু তার পদ্ধতি হতে হবে গণতান্ত্রিক। কারণ বিনা বিচারে যে কোনো মৃত্যু বা নির্যাতন মানবাধিকার লঙ্ঘন ও সংবিধান পরিপন্থি।”

আয়শা খানম বলেন,  “এসিডের উৎস বন্ধ করার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ এসিডবিরোধী আইনের খসড়া করে সরকারের কাছে জমা দেয়, সরকারের সাথে আলোচনা করে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা এখন পেয়েছি। একইভাবে মাদকের উৎস বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজন দ্বিপাক্ষিক আলোচনা।”

সামাজিক সচেতনায় জোর দিয়ে তিনি বলেন, “যারা মাদক গ্রহণ করে তারাও সমাজে এক ধরনের সহিংসতার শিকার। কাজেই তাদেরকে এই পথ থেকে সরিয়ে আনার জন্য কাজ করতে হবে। এটাও এক ধরনের সামাজিক কর্মকাণ্ড।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি হাসনা বানু, ডা.ফওজিয়া মোসলেম, লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।