গাঁজা-ইয়াবাসহ ২৮ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি ২৮ জন শিক্ষার্থীসহ ৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতদের মধ্যে চারজন ছাত্রীও রয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দণ্ডিতদের মধ্যে ২০ জন বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-আইইউবির শিক্ষার্থী, ছয়জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এবং দুইজন ওই এলাকার বাইরের অপর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকী চারজন মাদক বিক্রেতা।
এদের কাছ থেকে সাড়ে চার কেজি গাঁজা এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন-কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে রোববার বিকালে আইইউবি’র মূল ক্যাম্পাসের সামনে একটি পুরনো নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করার পর ৩২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। বাকিদের তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
ইয়াবা কেনাবেচা, সেবন, সরবরাহসহ বেশ কয়েকটি অভিযোগে চার ছাত্রীসহ ২৪ জনকে সাতদিন, সাতজনকে ছয় মাস এবং একজনকে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
অভিযানে অংশ নেওয়া এক র্যাব কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে অভিযান চালানোর পর এক অন্যরকম জগৎ দেখা যায়। ছেলে-মেয়ের মধ্যে কোনো দূরত্ব ছিল না। গাঁজার গন্ধ পুরো এলাকা ছড়িয়ে ছিল।
“ছেলে-মেয়েদের উগ্র মেজাজ দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়।”
ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেখানে গাঁজা সেবনের অভিযোগ করে আসছিল বলে র্যাব কর্মকর্তারা জানান।
