২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ পর্যায়ের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 12:03 AM

Updated : 11 Oct 2022, 12:24 PM

কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক আবুল বাশার জানান, পাচু নামের ওই ‘মাদক ব্যবসায়ী’ এবং তার স্ত্রী পাপিয়াকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

“তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুট্যার গান এবং ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হয়।”

এই পাচু গত ২ জুন পটুয়াখালীতে স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছিলেন বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার পরদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

তাকে ঢাকায় আনা হচ্ছে বলেও সেদিন জানিয়েছিলেন তিনি।তখন মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেছিলেন, গত এপ্রিলে প্রায় দুই লাখ ইয়াবার একটি চালান ধরা পড়ার মামলার প্রধান আসামি পাচু।

Image
র‌্যাবের ওই অভিযানে মাদক সংশ্লিষ্টতায় ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ওই অভিযানে মাদক সংশ্লিষ্টতায় ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।

“ওই মামলা ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। পটুয়াখালী পুলিশকে বলেছি, কাউন্টার টেররিজম ইউনিটের সাথে যোগাযোগ করতে।তারাই আসামি পাচুকে পটুয়াখালী থেকে নিয়ে আসবে বলে জানতে পেরেছি।”

এরপর পাচুর বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট ডিএমপিনিউজ-এ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের খবর প্রচার করা হয় ‘ব্রেকিং নিউজ’ হিসেবে। 

এক সপ্তাহ আগে পটুয়াখালীতে তাকে গ্রেপ্তার সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে কাউন্টার টেররিজমের পরিদর্শক আবুল বাশার বলেন, তাকে পটুয়াখালীতে গ্রেপ্তারের বিষয়ে তিনি অবগত নন।

“তাছাড়া তথ্যটি ঠিক নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে স্ত্রীসহ বৃহস্পতিবার লালবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

‘গ্রেপ্তারের পর’ পাচুর বিরুদ্ধে লালবাগ থানায় ‍তিনটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি মাদক আইনে, একটি অস্ত্র আইনে এবং একটি বিস্ফোরক আইনের মামলা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে মোহাম্মদপুর থানায় পাচু ও তার স্ত্রীর বিরুদ্ধে অন্তত ১০টি মামলার তদন্ত চলছে এবং ১০টি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।